২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ২৫

ঝিনাইদহ শহরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 04:33 PM

Updated : 25 Aug 2022, 12:05 PM

ঝিনাইদহ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ আহত হয়েছে। এই ঘটনায় জামায়াতের দুই নেতাসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে শহরের নতুন হাটখোলা এলাকায় দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। জামায়াত নেতারা অভিযোগ করেছেন, এর সহযোগী সংগঠন শিবিরের নেতাকর্মীদের ওপর সরকার সমর্থক ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মো. সগীর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন হাটখোলায় জেলা জামায়াত কার্যালয়ে শিবিরের নেতাকর্মীরা সন্ধ্যায় বৈঠক করছিলেন। এ সময় ছাত্রলীগ একটি মিছিল নিয়ে জামায়াত কার্যালয়ের সামনে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এছাড়া দুপক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয় বলে ওসি জানান। তিনি জানান, এ ঘটনায় জেলা জামায়াতের নায়েবে আমির আবুল কাশেম ও আরেক নেতা সগীর আহমেদসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের সময় দিগন্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাউদ্দিন আজাদও আহত হন। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা জামায়াত কার্যালয়ে শিবির নেতাকর্মীরা বৈঠক করছে- এমন খবর পেয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী সেখানে গেলে তাদের লাঞ্ছিত করা হয়। এরপর ছাত্রলীগের কর্মীরা সেখানে মিছিল নিয়ে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ছাত্রলীগের ছয় কর্মী আহত হয় বলেও দাবি করেন সংগঠনের সভাপতি। জেলা জামায়াতের আমির মাওলানা মোজাম্মিল হক বলেন, সারাদেশে জামায়াতের প্রতিবাদ কর্মসূচি ছিলো। মাগরিবের নামাজের পর নতুন হাটখোলায় জামায়াত কার্যালয়ে শিবিরকর্মীরা বৈঠক করছিলো। এ সময় ছাত্রলীগের একদল কর্মী মিছিল নিয়ে তাদের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, হামলায় শিবিরের ১৫-১৬ জন কর্মী আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/এলএন/এমএসবি/২২২৯ ঘ.