ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) তহবিলের তিন হাজার কোটি টাকা থেকে ১৬০০ কোটি টাকা দিয়ে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ও হাইটেক পার্ক স্থাপনে বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়েছে।
দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে প্রতিনিধিত্বকারী তিন সংগঠন রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।
সংগঠনের নেতারা ই-কমার্স ও ইন্টারনেট ব্যবহারের ওপর ভ্যাট প্রত্যাহার করারও সুপারিশ করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) যৌথভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে সংবাদ সম্মেলনে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এ দাবি জানায়।
বিসিএস সভাপতি মোস্তফা জব্বার জানান, আইসিটি নীতিমালা ২০০৯ বাস্তবায়নে সরকারের বর্তমান কাজের গতি অত্যন্ত ধীর। এ গতিতে কাজ করলে যথাসময়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারবে না সরকার।
তিনি বলেন, "আইসিটি খাতের উন্নয়নে সরকার বাজেটের আগে কিছু প্রস্তাব দিতে বলেছিল আমাদের। আমরা তা দিয়েছি। কিন্তু দু:খজনক হলেও সত্য যে আমাদের প্রস্তাবগুলো আদৌ বিবেচনা করা হয়নি।"
হতাশা প্রকাশ করে জব্বার জানান, বাজেটে হাইটেক পার্ক, ল্যান্ড ডিজিটাইজেশন এবং দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের কথা বলা হয়েছে ঠিকই কিন্ত এসব খাতের উন্নয়নে বাজেটে তেমন কোনো বরাদ্দের উল্লেখ নেই। পিপিপি-তে শুধু অবকাঠামো না রেখে আইসিটি ও সংশ্লিষ্ট সেবাখাতকে অন্তর্ভূক্ত করার সুপারিশ করেন তিনি।
লিখিত বক্তব্যে বিসিএস সভাপতি জানান, আইসিটি নীতিমালা অনুযায়ী এ শিল্পের জন্য প্রায় ৭ শ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা ছিল। আইসিটি শিল্পের জন্য এডিপির ৫ শতাংশ এবং রাজস্ব খাতের ২ শতাংশ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও এবারের বাজেটে তা উল্লেখ করা হয়নি।
তিনি বলেন, "দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সবচেয়ে গুরুত্ব
bdnews24