খুলনা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা মেডিকেল কলেজে ছাত্রলগী ও ছাত্রশিবিরের মধ্যে রোববার সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে সরকার সমর্থক ছাত্রলীগের ৩০ জন এবং বিরোধী জামায়াত সমর্থক ছাত্রশিবিরের পাঁচজন আহত হয়েছে বলে সংগঠন দুটি দাবি করেছে।
চতুর্থ বর্ষের প্যাথলজি বিষয়ের ক্লাসে উপস্থিতি তালিকায় ছাত্রলীগের ছেলেদের নাম কেটে শিবিরের ছেলেদের নাম বসানো এবং ছাত্রলীগের ছেলেদের হুমকি দেওয়ার ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে।
ঘটনার পর কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হামিদ আসগার।
তিনি সাংবাদিকদের জানান, ডা. মনোজ বসুকে প্রধান ও ডা. এস এম ফরিদুজ্জামানকে সদস্য সচিব করে এই কমিটি করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন- ডা. মঈন উদ্দিন চিশতি, ডা. শেখ মনোয়ার হোসেন ও ডা. আশরাফুজ্জামান।
কমিটিকে আগামীকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে অধ্যক্ষ জানান।
খুলনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাক নিয়াজ মোস্তাফি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, রোববার সকালে চার নম্বর লেকচার গ্যালারিতে চতুর্থ বর্ষের নতুন ছাত্রদের প্যাথলজি বিষয়ের ক্লাস হয়।
ক্লাস শেষে কক্ষ থেকে বের হওয়ার সময় কলেজ শাখা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ ৭-৮ জন ছাত্রলীগের ছেলেদর হুমকি দেয়।
এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শিবিরের ছেলেরা ছাত্রলীগের ছেলেদের মারধর করে দৌড়ে প্যাথলজি বিভাগের প্রধান ডা. আবু সাঈদের কক্ষে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। ছাত্রলীগের ছেলেরাও শিবিরের পিছু ধাওয়া করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খবর পেয়ে পুলিশ এসে শিবির নেতা মামুনসহ অন্যান্যদের উদ্ধার করে অধ্যক্ষ ডা. কাজী হামিদ আসগারের কক্ষে নিয়ে যায়।
দুুপুর ১টার দিকে শিবিরের সভাপতি মামুন, মিকাইল হোসেন রাজুসহ ৭/৮জনকে অধ্যক্ষের কক্ষ থেকে ক্যাম্পাস হয়ে হাসাপাতালের মেইন গেটের দিকে নিয়ে যায় পুলিশ। গেটের কাছাকাছি পৌঁছালে শিবিরের ছেলেরা পুলিশ প্রহরার মধ্যেই ছাত্রলীগের ছেলেদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এসময় ছাত্রলীগের ছেলেরা লাঠিসোটা নিয়ে তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে হাসপাতালের সামনে খুলনা-যশোর মহাসড়কে দুপক্ষের ইটপাটকেল ছোড়ছুড়ি চলে। পরে পুলিশ উভয়পক্ষকে নিবৃত্ত করে।
বিক্ষুব্ধ ছাত্রলীগকর্মীরা ফিরে এসে ক্যাম্পাসের প্রধান গেটের কাচ, গেটের সামনে রক্ষিত একটি এ্যাকুরিয়াম এবং ক্যান্টিনের জানালার কাচ ভাংচুর করে।
পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
ছাত্রলীগ নেতা নিয়াজ অভিযোগ করেন, শিবিরের হামলা ও পুলিশের লাঠিচার্জে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি চয়ন বিশ্বাস, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, আমজাদ হোসেন প্রকাশ, অয়ন, হিমাদ্রি, শিমুল, আনিস, উচ্ছাস, বাপ্পা-(১), জনি, রাকিব, দিদার, বাপ্পাসহ (২) ৩০ জন আহত হয়।
আহতদের মধ্যে চয়ন বিশ্বাস ও হিমাদ্রিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কলেজের অধক্ষের কাছে ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ ১২জন স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, ছাত্রলীগকর্মীরা উপস্থিতি খাতায় শিবিরের মিকাইল হোসেন রাজু ও জিয়াউল হায়দার জিয়ার নাম কেটে দেয়।
এর প্রতিবাদ করায় ছাত্রলীগকর্মীরা তাদের মারধর করে।
মামুন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ প্রহরায় বেরিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের ছেলেরা লাটিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। শিবিরের কোনো কর্মী ছাত্রলীগের ওপর হামলা চালায়নি বলে তিনি দাবি করেন।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার সহেলী ফেরদৌস জানান, ছাত্রলীগের ৭/৮জন আহত হয়েছে। এর মধ্যে চারজন বেশি জখম হয়েছে। শিবিরের কেউ আহত হয়নি।
তিনি জানান, ক্যম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৬ ঘ.
bdnews24