২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নির্বাচনী প্রচারে বিশ্বকাপের আমেজ

নিজ প্রতীক সিংহের বিশাল মূর্তি সঙ্গে নিয়ে এলাকার মোড়ে মোড়ে প্রচার চালাচ্ছেন ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শের মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 09:36 AM

Updated : 25 Aug 2022, 12:08 PM

আল আমীন দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিজ প্রতীক সিংহের বিশাল মূর্তি সঙ্গে নিয়ে এলাকার মোড়ে মোড়ে প্রচার চালাচ্ছেন ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শের মোহাম্মদ। তার প্রচারণার ধরণ দেখে কৌতুহলী মানুষের ভিড় তৈরি হচ্ছে তাকে ঘিরে। তা দেখে বসে নেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমএ মালেক। তিনিও তার প্রতীক হাতির বিশাল মূর্তি ভ্যানে নিয়ে শুরু করেছেন প্রচারণা। একইভাবে হাতি দেখতে জুটে যাচ্ছে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। একই ওয়ার্ডের আরেক প্রার্থী সলিমুল্লাহ বাচ্চুর প্রতীক পদ্মফুল। তিনি তার নির্বাচনী বক্তব্য সম্বলিত লিফলেটের পেছনে ছাপিয়ে দিয়েছেন বিশ্বকাপ ফুটবলের সময়সূচি। শের মোহাম্মদও কম যান না। তিনি নগরীর এনায়েত বাজার মোড়ে নিজের নামে টানিয়েছেন পঁচিশ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা। আর এভাবেই নির্বাচন ও বিশ্বকাপ ফুটবল মিলে-মিশে একাকার হয়ে গেছে চট্টগ্রামে। ২২ নম্বর ওয়ার্ডের মতো দৃশ্যের দেখা মিলছে নগরীর অন্যান্য ওয়ার্ডগুলোতেও। প্রচারণার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চান প্রত্যেক প্রার্থীই। সব মিলিয়ে নগরীজুড়ে এখন চলছে উৎসব মুখর পরিবেশ। বিরামহীন প্রচারণায় ব্যস্ত দুই প্রধান মেয়র পদপ্রার্থীও বিশ্বকাপ উন্মাদনায় যোগ দিয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী আর বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলমের বাসায়ও এখন উড়ছে আর্জেন্টিনার পতাকা। নিজেদের প্রতীক চেনাতে হাজার হাজার আনারস কিনে ভোটাদের ঘরে ঘরে যাচ্ছেন এম মনজুর আলমের কর্মী সমর্থকরা। অন্যদিকে এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকরা ককশিটে জাহাজের নানা মডেল তৈরি করে দিনরাত গণসংযোগ করে যাচ্ছেন। আপেল, ক্রিকেট ব্যাট, কলস, বই, মুরগী প্রতীক পাওয়া প্রার্থীরা তাদের প্রতীকের সত্যিকার মডেল নিয়ে ভোটাদের কাছে ছুটছেন। যারা ফুটবল প্রতীক পেয়েছেন তারা বিশ্বকাপের উন্মাদনায় যোগ দিচ্ছেন ভোটাদের সাথে। সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৫ এর প্রার্থী রেখা চৌধুরীর পক্ষে তার সমর্থকরা ফুটবল নিয়ে চালাচ্ছেন প্রচারণা। অনেক জায়গায় আপেল, বই, কলমসহ বিভিন্ন প্রতীক উপহার হিসেবেও দেয়া হচ্ছে। লালখানবাজার ওয়ার্ডের বাসিন্দা সুমাইয়া ইশরাত বলেন, "অনেক প্রার্থীর কাছ থেকে নানা ধরণের উপহার পেয়েছি।" চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলি বলেছেন, "উপহার সামগ্রী দেয়া অবশ্যই নির্বাচনী আচরণবিধির লক্ষণ। তা ছাড়া কোন প্রতীক আকারে ৩ মিটারের বেশি হতে পারবে না।" অথচ চট্টগ্রামের অনেক এলাকায় যেসব প্রার্থী প্রতীকী প্রতীক তৈরি করেছেন, তার অনেকগুলোই ৩ মিটার উচ্চতার বেশি। আর এ প্রসঙ্গে জেসমিন টুলি বলেন, "যে কোন ধরণের আচরণবিধি ভঙ্গ হয়েছে- এমন প্রমাণ পাওয়া গেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।" ভোট চাইতে প্রযুক্তির ব্যবহারও করছেন প্রার্থীরা। এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তার কর্মী সমর্থকরা। ইতোমধ্যে পোস্টারে পোস্টোরে ছেয়ে গেছে নগরীর প্রধান প্রধান সড়ক আর অলিগলি। নির্বাচনী আচরণবিধির কারণে দেয়ালে পোষ্টার সাঁটানো হয়নি। তবে দড়ি দিয়ে রাস্তার এপাশ-ওপাশ করে ঝোলানো হয়েছে। বাঁধা হয়েছে ল্যাম্পপোস্টে। সড়ক দ্বীপের গাছে গাছে হাজার হাজার পোস্টারে নগরীর চিত্র এখন বর্নিল। এছাড়া নগরীর প্রায় প্রতিটি ওয়ার্ডের প্রার্থীর সমর্থকরা মাইকিং, গণসংযোগ এবং পথসভা ছাড়াও ভ্যানে করে গান গাইতে গাইতে ভোট চাইছেন। এনায়েত বাজার ওয়ার্ডের বাসিন্দা হোসাইন খোরশেদ বলেন, "প্রার্থীদের বিচিত্র প্রচারণার ধরণে নির্বাচন নিয়ে আমরা উৎসবের আমেজেই আছি।" ঘোষিত তফশিল অনুযায়ী ১৭ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা চলবে সোমবার মধ্যরাত পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এসএএ/কেএমএস/১৫২৯ঘ.