২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনের পক্ষে প্রচারণায় নামলেন বিএসসি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অবশেষে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণায় নামলেন নুরুল ইসলাম বিএসসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 04:20 PM

Updated : 25 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অবশেষে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণায় নামলেন নুরুল ইসলাম বিএসসি। শনিবার সন্ধ্যায় নগরীর বহদ্দারহাটে একটি কমিউনিটি সেন্টারে নাগরিক কমিটি আয়োজিত সমাবেশে তিনি মহিউদ্দিন ও দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়ে জাহাজ প্রতীকে ভোট চান। এসময় আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মহিউদ্দিন চৌধুরী ও নুরুল ইসলাম বিএসসি একে অপরকে জড়িয়ে ধরেন এবং হাতে হাত ধরে নিজেদের মধ্যে কোনো বিভেদ না থাকার কথা জানান। নুরুল ইসলাম বিএসসি এই সমাবেশে সভাপতির বক্তব্যে তার সমর্থক নেতা-কর্মীদের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহবান জানান। নগরীর বাকলিয়া এলাকায় বিএসসি নিজে গণসংযোগ করবেন বলেও জানান। সমাবেশে প্রার্থী মহিউদ্দিন চৌধুরী বলেন, দল চালাতে গিয়ে কিছু বিভেদ বা মনোমালিন্য হলেও এখন নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি ও তার অনুসারীদের সঙ্গে মহানগর কমিটির সভাপতি মহিউদ্দিন চৌধুরীর বিরোধ দীর্ঘদিনের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে নিয়ে এ দুই নেতার বিরোধ আরো তীব্র হয়। নুরুল ইসলাম ও তার সমর্থক আওয়ামী লীগ নেতারা মেয়র পদের জন্য তিনজন সম্ভাব্য প্রার্থীর তালিকা দলীয় সভানেত্রীর কাছে পাঠান। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবদমান এই দু'পক্ষকে নিয়ে ঢাকায় বৈঠক করলেও তাতে নুরুল ইসলাম বিএসসি যোগ দেননি। পরবর্তীতে দলের স্থানীয় বিরোধ নিরসনের জন্য আওয়ামী লীগ নেতারা কয়েক দফা চট্টগ্রাম এলেও বিএসসি প্রচারণায় নামেননি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর মহিউদ্দিন চৌধুরী নগরীর প্রেসক্লাবে দলীয় একটি অনুষ্ঠানে নুরুল ইসলাম বিএসসিকে জড়িয়ে ধরে করমর্দন করেন। এতে তার মন গলেনি। নাগরিক কমিটির সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আমীর হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সাংসদ শামসুল হক চৌধুরী, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২১৫২ ঘ.