গাজীপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রতন ওরফে বড় রতন ওরফে রড় মিয়া গ্রেপ্তার হয়েছে।
বুধবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টঙ্গী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানার ওসি তপন চন্দ্র সাহা।
তিনি বলেন, "রতন বুধবার রাতে দুবাই থেকে দেশে ফেরে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হয়।"
আহসানউল্লাহ মাস্টার ২০০৪ সালের ৭ মে শুক্রবার দুপুরে একদল সন্ত্রাসীর গুলিতে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন চলাকালে নিহত হন।
এ ঘটনায় তার ভাই মতিউর রহমান মতি বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে রতন ছিলো ১০ নম্বর আসামি।
২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে হওয়া রায়ে মামলার প্রধান আসামি বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ছয়জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
এর মধ্যে প্রধান আসামিসহ ১৭ জন বিভিন্ন কারাগারে বন্দি আছে। বাকি ১১ জন ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে ছিলো। রতন গ্রেপ্তারের পর পলাতক আসামির বর্তমান সংখ্যা ১০।
রায়ে রতন ছিলো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ১৯তম।
রতনকে বৃহস্পতিবার আদলতে পাঠানো হবে বলেও জানান ওসি তপন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিএইচ/এজে/১৩১২ ঘ.
bdnews24