ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীরা প্রতিশ্রুতি রাখেন না অভিযোগ করে এ ব্যাপারে স্পিকারের সহায়তা চাইলেন সরকার দলীয় সাংসদ আব্দুল মান্নান।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বগুড়া-১ আসনে আওয়ামী লীগের সাংসদ আব্দুল মান্নান এই সহায়তা চান।
সম্পূরক প্রশ্নের আগে ডেপুটি স্পিকার শওকত আলীকে উদ্দেশ্য করে আব্দুল মান্নান বলেন, "মাননীয় স্পিকার আমরা প্রশ্নোত্তর পর্বে কোনো কিছু বললে মন্ত্রীরা বলেন, কাজটি হবে। কিন্তু, এক বছরেরও কাজটা হয় না। এ অবস্থায় এলাকায় গিয়ে আমরা বিব্রত হই। এজন্য, কাজ না হলে আমরা আপনার সহায়তা চাইতে পারি কিনা ?"
এসময়ে, সরকার দলীয় সাংসদরা টেবিল চাপড়িয়ে আব্দুল মান্নানের বক্তব্যের প্রতি সমর্থন জানান।
ডেপুটি স্পিকার আব্দুল মান্নানকে জানান, মন্ত্রীরা প্রতিশ্রুতি রক্ষা না করলে সাংসদরা সরকারি প্রতিশ্রুতি কমিটিতে জানাতে পারেন।
এদিকে, রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে মাৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, "পরীক্ষা-নিরীক্ষা করে যদি দেখা যায় পুকুরে ইলিশ মাছ চাষ টেকসই হবে, তা হলে পুকুরেই ইলিশ মাছ চাষ হবে। এটা টেকসই হলে, ইলিশ মাছের স্বাদ ইলিশ মাছের মতোই হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৭৫০ ঘ.
bdnews24