২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম ছাত্রলীগের কাউন্সিল, হামলা ভাংচুর

দীর্ঘ ৬ বছর পর উত্তেজনার মধ্যে দিয়ে সোমবার কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 11:47 AM

কুড়িগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ৬ বছর পর উত্তেজনার মধ্যে দিয়ে সোমবার কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিশৃঙ্খলা, বাধা উপেক্ষা করে কেন্দ্রীয় নেতারা আইয়ুব আলীকে সভাপতি ও মোমিনুল ইসলাম মমিনকে সাধারন সম্পাদক ঘোষণা করেন। এর প্রতিবাদে ছাত্রলীগের একটি পক্ষ কেন্দ্রীয় নেতাদের গাড়ী বহরের সামনে শুয়ে পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় স্থানীয় সংসদ সদস্য মো. জাফর আলীর হস্তক্ষেপে তারা সরে যায়। পরে ১৫/২০ জন বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মী লাঠিসোটা সজ্জিত হয়ে কলেজ মোড় এলাকায় দোকান-পাটে ইট পাটকেল নিক্ষেপ করে এবং হামলা চালায়। তারা শহীদ মিনার চত্বর এলাকায় একটি মাইক্রোবাস ভাংচুর করে। এসময় রানা (২৫), বুলেট (৩০), রাশেল (২৫) ও টিপু (২৬) নামের চার যুবক আহত হয়। তাদেরকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুড়িগ্রাম সার্কিট হাউসে ছাত্রলীগের দ্বিবার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন আড়াই ঘন্টা স্থায়ী হয়। বিকাল সাড়ে ৫টার দিকে সমঝোতার ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আইয়ুব আলী ও সাধারন সম্পাদক হিসেবে মোমিনুল ইসলাম মোমিনের নাম ঘোষণা করেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে আতাউর রহমান মিন্টু ও ১নং যুগ্ম সম্পাদক হিসেবে নাজমুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এর পরপরই একদল ছাত্রলীগ কর্মী এ সিদ্ধান্ত বাতিল করে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের দাবী জানায়। কেন্দ্রীয় নেতারা সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম ত্যাগ করেন। সকালে কুিড়গ্রাম টাউন হলে দ্বিবার্ষিক কাউন্সিল উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী এমপি, আহমেদ নাজমীন সুলতানা নাজলী এমপি, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, রিপন পোদ্দার, আব্দুল মোত্তালেব প্রমুখ। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান খন্দকার চাঁদ। দুপুর আড়াইটার দিকে কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী পর্ব শেষ হলে নেতৃবৃন্দ কাউন্সিলরদের নিয়ে সার্কিট হাউজে দ্বিতীয় অধিবেশনে যোগ দেন। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং সম্ভাব্য প্রার্থীদের সাথে দীর্ঘ বৈঠক শেষে নতুন কমিটি ঘোষণা করেন। নেতৃত্ব বঞ্চিত ছোট্ট একটি গ্র"প বিশৃঙ্খলার চেষ্টা চালায়। কুড়িগ্রাম সদর থানার ওসি তাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শহরের পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০০৫ ঘ.