২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনে কোনো ছাড় নয়: সাখাওয়াত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 11:48 AM

চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "আমরা চট্টগ্রামে একটি মডেল নির্বাচন উপহার দিতে চাই। এজন্য মেয়র প্রার্থীদের কাছ থেকে সহনশীল আচরণ আশা করছি।" সোমবার দুপুরে নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাখাওয়াত সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "নির্বাচনে কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" সিটি করপোরেশন নির্বাচন নির্দলীয় হলেও, তা দলীয় নির্বাচনে পরিণত হয়েছে। এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে বলে মনে করেন এই নির্বাচন কমিশনার। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আহবান জানিয়ে সাখাওয়াত বলেন, "নির্বাচনে হেরে গেলে নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করার পুরনো রীতি থেকেও বের হয়ে আসতে হবে।" ভোলার উপনির্বাচনকে সরকার ও বিরোধীদল উভয়ই ইস্যু বানানোর চেষ্টা করেছিল- এ অভিযোগ করে তিনি বলেন, "বিরোধীরা জিতলে সরকারের পতন হবে আর সরকারি দল জিতলে বিরোধীরা নিশ্চিহ্ন হবে-এমন মানসিকতার কারণে নির্বাচনে কিছু গণ্ডগোল হয়েছিল। "চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এ ধরণের কোনো বিষয়কে প্রশ্রয় দেওয়া হবে না।" সাখাওয়াত নির্বাচনী কর্মকর্তাদের কঠোরভাবে নিয়মনীতি মেনে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করার আহবান জানান। এসময় সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী উপস্থিত ছিলেন। এরপর বিকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সাখাওয়াত হোসেন। নগরী ও এর বাইরের পাঁচটি উপজেলার ২০০০ সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারী এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএএ/এমএসবি/১৮৩৪ ঘ.