২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এনেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 04:41 PM

Updated : 25 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এনেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তার বিরুদ্ধে এ অভিযোগ আনেন খসরু। এ ব্যাপারে রোববার রিটার্নিং কর্মকর্তা মারফত প্রধান নির্বাচন কমিশনাকে চিঠি দিয়েছেন তিনি। আমীর খসরু বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট। বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহবুবুল আলম হানিফ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে সচিব পদমর্যাদার সুযোগ সুবিধা ভোগ করেন। হানিফ এ সুবিধা নিয়ে কয়েকদিন ধরে নাগরিক কমিটির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, সভায় করছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে। আমীর খসরু বলেন, "এসব অভিযোগ উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছি।" চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আমীর খসরু মাহমুদ চৌধুরীর চিঠি পেয়েছি।" চিঠিটি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে কিনা বা কবে পাঠানো হবে এ ব্যাপারে তিনি কিছু জানাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২৩৭ ঘ.