চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলমের সমর্থনে প্রথমবারের মতো গণসংযোগ করে ভোট চাইলেন আবদ্ুল্লাহ আল নোমান।
বন্দর নগরীর এই নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক মন্ত্রী নোমান । তবে বিএনপি মনজুরকে সমর্থন জানিয়ে প্রার্থী করে।
শনিবার বিকালে নগরীর ফইল্যাতলী বাজার, হালিশহর কে ব্লক, বাস স্ট্যান্ড, দক্ষিণ কাট্টলী জেলেপাড়ায় মনজুর আলমের পক্ষে ভোট চান তিনি। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপি নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
এর আগে দুপুরে নগরীর দেওয়ান হাটে মনজুর আলমের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের বিএনপি ও এর সহযোগী সংগঠনের এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান।
সমাবেশে নোমান মনজুরকে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নোমান বলেন, "নগরবাসী মেয়র পদে পরিবর্তন চায়। আগামী নির্বাচনে এর প্রতিফলন ঘটবে।"
খুলশী থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে স্থানীয় বিএনপি নেতা কাজী আকবর, আবদুস সাত্তার সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এলএন/এজে/১০০৭ ঘ.
bdnews24