২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যখাতকে জনকল্যাণমূলক ঘোষণা করা উচিত: ইনু

শরীক দলগুলোর সঙ্গে আলোচনা না করে স্বাস্থ্যনীতির খসড়া প্রণয়ন করায় এর দায় নেবে না ক্ষমতাসীন মহাজোটের শরীকরা। এ কথা বলেছেন, মহাজোটের অন্যতম শরীক জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 09:53 AM

Updated : 25 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীক দলগুলোর সঙ্গে আলোচনা না করে স্বাস্থ্যনীতির খসড়া প্রণয়ন করায় এর দায় নেবে না ক্ষমতাসীন মহাজোটের শরীকরা। এ কথা বলেছেন, মহাজোটের অন্যতম শরীক জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, স্বাস্থ্যখাতকে সার্বজনীন স্বাস্থ্যসেবা ও এবং জনকল্যাণমূলক ঘোষণা দেয়া উচিত। স্বাস্থ্যনীতি চূড়ান্ত করার আগে সরকারের উচিত শরীক দলগুলোর সঙ্গে আলোচনা করা এবং সংসদীয় কমিটির মাধ্যমে সর্বস্তরের মানুষের মতামত নেওয়া। জাতীয় প্রেসক্লাবে শনিবার অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মত প্রকাশ করেন। বাংলাদেশ চিকিৎসক সংসদের উদ্যোগে 'বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থা ও খসড়া স্বাস্থ্যনীতি' শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। চিকিৎসক সংসদের সভাপতি ডা. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আলোচনায় অংশ নেন মহাজোটের শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিএমএ'র প্রাক্তন সভাপতি ডা. রশিদ-ই-মাহবুব, অধ্যাপক আনু মুহাম্মদ, নারী নেত্রী ফরিদা আকতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক ও ডা. ইকবার হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিকিৎসক সংসদের মহাসচিব ডা. মুশতাক হোসেন। সাংসদ হাসানুল হক ইনু বলেন, ৪০ বছর বাংলাদেশের স্বাস্থ্যখাত কোন দিকনির্দেশনা ছাড়াই চলেছে। এ খাতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। স্বাস্থ্যসেবার বাণিজ্যকরণ করা হয়েছে। এ অবস্থায় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে স্বাস্থ্যখাত কোন পদ্ধতিতে চলবে। নতুন স্বাস্থ্যনীতি চূড়ান্ত করার আগে বেসরকারি খাতের স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণে একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন, নতুন স্বাস্থ্যনীতিতে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা এবং নারী স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্বের বিষয়টিকে অগ্রাধিকার দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। সাংসদ রাশেদ খান মেনন স্বাস্থ্যখাতে ব্যাপক দলীয়করণের অভিযোগ তোলেন। তিনি বলেন, দলীয়করণ বর্তমানে উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে। ফলে বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। নইলে স্বাস্থ্যসেবা কার্যক্রম ভেঙ্গে পড়বে। তিনি বলেন, নতুন যে স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হয়েছে, তা শুধু আমলাদের তৈরি একটি খসড়া। এ বিষয়ে এখনো সংসদে বা সংসদীয় কমিটিতে কোন আলোচনা করা হয়নি। সংসদীয় কমিটিসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই এ নীতি চূড়ান্ত করতে হবে। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে অগ্নিদগ্ধদের চিকিৎসায় বার্ন ইউনিট স্থাপণে তাগিদ দেন তিনি। অধ্যাপক আনু মুহাম্মদ স্বাস্থ্যখাতে সরকারের বর্তমান নীতির সমালোচনা করে বলেন, এভাবে চললে এ সরকারের কাছে একটি জনকল্যাণমূখী স্বাস্থ্যনীতি আশা করা কঠিন। এ ব্যাপারে সরকারকে আরো সচেতন হতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৫২৭ ঘ.