২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আ. লীগের সংঘর্ষে একজন নিহত

পাবনার টেবুনিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 08:01 AM

Updated : 25 Aug 2022, 11:38 AM

পাবনা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার টেবুনিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের ওই সংঘাতের পর এলাকাটিতে উত্তেজনা বেড়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের নাম আবুল কাশেম (৪০)। সদর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, উপজেলার টেবুনিয়া বীজ গুদামে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও হাসিবুর রহমান হাসুর সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিলো। তিনি বলেন, ওই বিরোধের জের ধরে সকাল ৮টার দিকে মোহাম্মদের পক্ষের লোকেরা হাসুর পক্ষের দুই শ্রমিককে মারধর করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘাতের এক পর্যায়ে হাসুর বড় ভাই স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবুল কাশেমকে সামনে পেয়ে চাপাতি দিয়ে আঘাত করে মোহাম্মদের সমর্থকরা। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি জানান, আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শ্রমিকলীগ নেতা মুক্তার হোসেন (৪০) ও আব্দুল হান্নানের (৩৫) অবস্থা আশঙ্কাজনক। পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় দুপুর ১টা পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি মতিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৪০ ঘ.