ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদের পঞ্চম ও দ্বিতীয় বাজেট অধিবেশন শুরুর কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে গেছে বিএনপি।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল ৫টা ৪ মিনিটে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
এরপর শোক প্রস্তাব ও নিহতদের স্মরণে দোয়া করা হয়।
বিকাল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শুরুর আগ মুহূর্তে বিএনপির সাংসদ মওদুদ আহমেদ পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার আবেদন জানান। স্পিকার বক্তব্যের সুযোগ না দেওয়ায় মওদুদের নেতৃত্বে একে একে বেরিয় যায় বিএনপির সাংসদরা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ১০ জুন ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন।
বিএনপি চতুর্থ অধিবেশনের শেষ দিকে ওয়াক আউট করেছিলো।
বুধবার বিএনপি এই বাজেট অধিবেশন বর্জনের ইঙ্গিত দিলেও পরে মনোভাব বদলে এ অধিবেশনের উদ্বোধনী দিনই তাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বুধবার বিকাল সোয়া ৪ টার দিকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, আমার দেশ বন্ধ করে দেওয়া, পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতেই চেয়ারপার্সন খালেদা জিয়া দুপুরে এই সিদ্ধান্ত দিয়েছেন।
খালেদা জিয়া দলের সব সংসদ সদস্যকে উদ্বোধনী অধিবেশনেই যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন বলেও জানান জ্যেষ্ঠ এ বিএনপি সাংসদ।
তবে ঠিক কখন বিএনপির সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেবেন তখন তা স্পষ্ট করেননি তিনি।
এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় এই বাজেট অধিবেশনেও না যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংসদে যোগদানের কোনো পরিবেশ এখনো সরকার তৈরি করেনি। সংসদে কেবল গালি-গালাজ হয়। তাই বাজেট অধিবেশন যোগ দেওয়াটা একরকম অনিশ্চিত।
"পরিবেশ তৈরি করলে আমরা সংসদে যেতে চাই। কিন্তু এর দায়িত্ব সরকারের ও সরকারি দলের", বলেন তিনি।
তবে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংসদে যোগ দেওয়া-না দেওয়ার বিষয়টি সংসদীয় দলের সভা করে সিদ্ধান্ত নেবেন বলেও জানান বিএনপি মহাসচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৭৩৬
bdnews24