ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলা বাতিলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরের করা আবেদন খারিজ করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি কাজী রেজা উল হকের বেঞ্চ এই রায় দেয়।
পাশাপাশি এ মামলার কার্যক্রম স্থগিত করে ইতোপূর্বে দেওয়া আদেশও খারিজ করে আদালত। ফলে নিু আদালতে মামলাটির কার্যক্রম চলবে।
২০০৭ সালের ৩০ অক্টোবর দুদকের উপ-পরিচালক আশরাফুল ইসলাম রমনা থানায় ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওই মামলা করেন।
মামলায় তার বিরুদ্ধে প্রায় ৬২ লাখ ৮৪ হাজার টাকার অবৈধ সম্পাদ অর্জন ও প্রায় ১৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান রায়ের পর সাংবাদিকদের বলেন, এই রায়ের পর ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নিু আদালতে মামলাটির কার্যক্রম চলবে।
এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না সে বিষয়ে ওবায়দুলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী খায়রুল আলম পিপুল।
মামলায় ওবায়দুলের বিরুদ্ধে ২০০৮ সালের ১৭ এপ্রিল অভিযোগপত্র দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ২০০৮ সালের ২২ মে।
পরে ২০০৮ সালের ২ জুলাই ওবায়দুল কাদেরের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করে। মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবে না তাও তখন সরকারের কাছে জানতে চায় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭৩২ ঘ.
bdnews24