২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বেপজা মামলাও বাতিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের বেপজায় পরামর্শক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলাও বাতিল করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 07:29 AM

Updated : 25 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের বেপজায় পরামর্শক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলাও বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের সব মামলাই বাতিল হয়ে গেলো বলে তার আইনজীবী ফজলে নূর তাপস দাবি করেছেন। মামলা বাতিলে শেখ হাসিনার আবেদনের ওপর শুনানি শেষে রোববার দুপুর ১২টার দিকে রায় পড়া শুরু হয়। সোয়া ১টার দিকে রায় পড়া শেষ করে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ। রায়ের পর ব্যারিস্টার তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে আর কোনো দুর্নীতির মামলা নেই। বেপজা মামলাই ছিলো সর্বশেষ।" ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ। শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর গত ১৮ মে পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা নাইকো দুর্নীতি মামলা, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা, মিগ-২৯ মামলা দুর্নীতি মামলা, নভোথিয়েটার দুর্নীতি সংক্রান্ত তিনটি মামলা, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা এবং যুদ্ধজাহাজ কেনায় দুর্নীতির মামলা বাতিল করেছে হাইকোর্ট। বেপজা মামলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রের ১০ লাখ ৯ হাজার ৯৮৮ টাকা ক্ষতি করার অভিযোগ আনা হয়। ২০০২ সালের ১৮ জুন এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। মামলাটি বাতিলে শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০২ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত করে। মামলাটি কেন বাতিল হবে না- তার কারণ জানতে চেয়ে তখন সরকারের প্রতি রুলও জারি করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৩২৬ ঘ.