মুন্সীগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর বালুমহালের কর্তৃত্ব নিয়ে সংঘর্ষে সরকার সমর্থক ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছে।
রোববার ভোরের সংঘর্ষে নিহত মোহাম্মদ মামুন (২৫) ছাত্রলীগের মুন্সীগঞ্জ শহর শাখার সহসভাপতি ছিলেন। শহরের দেওভোগ এলাকার শামসুল হকের ছেলে তিনি।
ঘটনার প্রতিবাদে জেলা শহরে ছাত্রলীগ মিছিল করে। মিছিল থেকে কয়েকটি গাড়িও ভাংচুর হয়।
সদর থানার ওসি শহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইসলামপুর গ্রামের গোলাপকে (৪৫) গ্রেপ্তার করেছে।
বালুমহালের টাকা ওঠানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের ইজারাদারের সমর্থকদের মধ্যে ভোর ৪টার দিকে নদীতে ওই সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
মামুনের বন্ধু রনি ও সোহেল সাংবাদিকদের জানান, তারা আটজন একটি ট্রলারে মুন্সীগঞ্জের ইজারাদারের পক্ষে বালুমহালের টাকা আদায় করছিলেন। ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জের ইজারাদারের পক্ষের লোকজন একটি ট্রলারে করে এসে তাদের ওপর হামলা চালায়।
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত মামুন ট্রলার থেকে নদীতে পড়ে যায় বলে রনি জানান। তাকে নদী থেকে তুলে সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, মামুন মৃত।
সংঘর্ষে আহত কামাল (৩৮), ইসমাইল (২৬), খসরু (৫৫) ও সুমন (২৮) আওলাদ হোসেনকে (৪৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি শহিদুল জানান, বালু মহালের আধিপত্য নিয়ে দুই ইজারাদার নারায়ণগঞ্জ বন্দরের উপজেলার মদনগঞ্জ এলাকার চাঁন মিয়া ও মুন্সীগঞ্জের ভূঁইয়া এন্টারপ্রাইজের মধ্যে বিরোধ চলে আসছিল। তা অবসানে বেশ কয়েকবার বৈঠকও হয়।
রোববার সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে তিনি জানান।
মামুনের মৃত্যুর পর সকাল ১০টার দিকে জেলা শহরে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলকারীরা শহরের কাছারী এলাকায় কয়েকটি অটো রিকশা এবং টেম্পু ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ভাংচুরের পর শহরের পুরনো কাছারী থেকে সুপার মার্কেট পর্যন্ত সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
দুপুরে ময়না তদন্তের পর লাশ নিয়ে ছাত্রলীগ আবার শহরে মিছিল বের করে। বিকালে শহরের ঈদগাহ মাঠে জানাজার পর দেওভোগ কবরস্থানে মামুনের লাশ দাফন করা হয়।
জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাত পৌনে ৮টায় পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শহরের পরিস্থিতি স্বভাবিকের দিকে এখন। গাড়ি চলাচল করছে। এই ঘটনায় মুন্সীগঞ্জ থানায় মামলা হবে।
বালুমহালের ইজারাদার ভূঁইয়া এন্টারপ্রাইজের মালিক মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন ভূঁইয়া দাবি করেন, গত পহেলা বৈশাখ থেকে চাঁন মিয়া তার ইজারা নেওয়া মুন্সীগঞ্জের বালুমহালে ঢুকে বালু উত্তোলন করে আসছিল। প্রশাসনের সহযোগিতায় কয়েক দফা বাধা দিলেও তারা বালু উত্তোলন বন্ধ করেনি।
তিনি অভিযোগ করেন, চাঁন মিয়ার লোক ফারুকের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল এই হামলা চালায়।
অভিযোগ অস্বীকার করে চাঁন মিয়া বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি বা তার লোকজন জড়িত নয়।
ঘটনার সময় তার কোনো লোক সেখানে ছিল না দাবি করে তিনি বলেন, "আমি ব্যবসা করি কোনো দল করি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/২২৩১ ঘ.
bdnews24