চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর নিয়ে কোনপ্রকার ষড়যন্ত্র মানবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ভারতকে ট্রানজিট দেয়া মানে চট্টগ্রাম বন্দর দিয়ে দেয়া নয়। বিদেশী কোম্পানি এএসএ-এর কাছে বন্দর বিক্রির ষড়যন্ত্র হয়েছিল, সবার আগে আমিই বিরোধিতা করেছি।
মহিউদ্দিন চৌধুরী শনিবার দুপুরে নির্বাচনী গণসংযোগ শেষে নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে চতুর্থবারের মতো মেয়র পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী জানান, ট্রানজিট বাস্তবায়নের পর ভারতকে বন্দর দেয়ার ষড়যন্ত্র হলে সবার আগে তিনি বিরোধিতা করবেন।
অতীতে নানা কারণে বন্দর অচল করার অভিযোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আন্দোলনের নামে কখনোই বন্দর অচল করিনি, নিজের আখেরও গোছাইনি। কিন্তু চট্টগ্রাম বন্দরে শ্রমিক স্বার্থপরিপন্থী কাজ হলে আমি চুপ করে থাকব না।"
নির্বাচনী তফশিল ঘোষণার পর বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সেবা খাতের পরিবর্তে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ করা হয়।
এ সম্পর্কিত প্রশ্নের জবাবে মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, "মেয়র হিসেবে যখন আমি দায়িত্ব নেই তখন কর্মকর্তা-কর্মচারীদের বেতন ছিল ৮৬ লাখ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৬ কোটি টাকা। এত টাকা তো সরকারের কাছ থেকে পাই না। এজন্য আমি আয়বর্ধক বিভিন্ন প্রকল্প গ্রহণ করে টাকার সংস্থান করেছি।"
মহিউদ্দিন চৌধুরীর গণসংযোগ
মহিউদ্দিন চৌধুরী শনিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। কখনো নিজের অতীত কর্মকাণ্ডের ফিরিস্তি, কখনো 'আমি মহিউদ্দিন চৌধুরী, আপনাদের দোয়া চাই' বলে সবার কাছে ভোট প্রার্থনা করেন।
শুধু মহিউদ্দিন চৌধুরীই নন, তার স্ত্রী-পুত্র-কন্যারা নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
মহিউদ্দিন চৌধুরী সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর অক্সিজেন নতুন রাস্তার মোড়, কাঠগড় ও পতেঙ্গা ষ্টিল মিল এবং বিকালে মুরাদপুর ও চান্দগাঁও এলাকায় গণসংযোগ করেন।
এদিকে শনিবার সকালে নগরীর মোহাম্মদপুর এলাকায় মহিউদ্দিনের পুত্র ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার তিন বোন গণসংযোগ করে বাবার জন্য ভোট চেয়েছেন। বিশেষ করে নগরীর তরুণ ও মহিলা ভোটারদের আকর্ষণ করতেই মহিউদ্দিনের ছেলে মেয়েরা প্রচারণায় নেমেছেন বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২০০৭ ঘ.
bdnews24