২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বাধা এলে ধারাবাহিক কর্মসূচি: দেলোয়ার

২৭ জুনের হরতালে বাধা এলে ধারাবাহিক কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 02:08 PM

Updated : 25 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭ জুনের হরতালে বাধা এলে ধারাবাহিক কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার দলের এক আলোচনা সভায় দেলোয়ার বলেন, "আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন করতে চাই। বিশেষ অবস্থা সৃষ্টি করে হরতালে বাধা দেওয়া হলে লাগাতার কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।" আগামী ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা হয়। দর্শক সারিতে বসে আলোচকদের বক্তব্য শোনেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আবদুল মঈন খান, সহসভাপতি শাহজাহান ওমর, নাজমুল হুদা, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, অধ্যাপক আবদুল মান্নান প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার উদ্দেশে খোন্দকার দেলোয়ার বলেন, "আপনি বিচলিত হবেন না। দেশের মানুষ আপনার নেতৃত্বে আস্থাশীল। ২৭ জুনের হরতাল সফল করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।" দেলোয়ার দাবি করেন, আওয়ামী লীগ সরকারের ওপর জনগণের আর আস্থা নেই। এটা বুঝতে পেরে তারা এখন আন্দোলনকে বাধাগ্রস্থ করতে হুমকি-ধামকি দিচ্ছে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, "১/১১ এর জরুরি অবস্থা জারির মাধ্যমে এদেশ থেকে বহুদলীয় গণতন্ত্র নিপাত ও একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য নীল নকশার ষড়যন্ত্র করেছিলো। আজো তা অব্যাহত রয়েছে।" দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, "এ সরকারের আমলে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অথচ সরকারের আইনমন্ত্রী বলেছেন, 'কোনো ক্রসফায়ার হয়নি।' এভাবে তারা মিথ্যাচার করে সব ব্যর্থতাকে আড়াল করছে।" সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, "এ সরকার কোনোদিন '৭২ সালের মূল সংবিধানে ফিরে যেতে পারবে না। এটা করতে হলে অবশ্যই বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থার বিধান সংবিধান থেকে বাদ দিতে হবে। বিসমিল্লাহ, জাতীয়তাবাদ, মুক্তবাজার অর্থনীতি ও রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিতে হবে। আওয়ামী লীগ কোনোদিন তা করতে পারবে না।" খোন্দকার দেলোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, শমসের মবিন চৌধুরী, উপদেষ্টামণ্ডলির সদস্য শওকত মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক ও সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০০৪ ঘ.