চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনে রায় দেওয়ার আহবান সম্বলিত পোস্টার অপসারণে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার বিকালে রিটানিং কর্মকর্তা জেসমিন টুলী স্বাক্ষরিত নোটিশ মহিউদ্দিনের বাসায় পৌঁছে দেওয়া হয়।
নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন ক্ষমতাসীন আওয়ামী লীগের চট্টগ্রাগ্রাম মহানগর শাখার সভাপতি। কয়েকদিন আগে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
নগরীর নাসিরাবাদ এলাকায় মহিউদ্দিন চৌধুরীকে যোগ্য প্রার্থী দাবি করে আসন্ন নির্বাচনে তার পক্ষে রায় দিতে রাবেয়া শিকদার (লাকী) নামে একজনের আহবান সম্বলিত কয়েকটি পোষ্টার টাঙানো হয়। এ নিয়ে স্থানীয় দুটি দৈনিকে ছবিসহ সংবাদ প্রকাশিত হয়।
সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রচার শুরুর আগে নিজে সরাসরি না করলেও প্রার্থীর পক্ষে অন্য যে কেউ পোস্টার ছাপিয়ে রায় চাওয়া নির্বাচনী বিধিমালার মধ্যে পড়ে না।"
তিনি জানান, আমরা গণমাধ্যমে জানতে পেরে পোস্টার তুলে ফেলে তা নির্বাচন কমিশনকে জানানোর নোটিশ দিয়েছি।
আগামী ২ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর সেখানে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।
এর আগে নির্বাচনী তফশিল ঘোষণার পরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ায় মহিউদ্দিন চৌধুরীকে কমিশনের পক্ষ থেকে সতর্ক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০১৪ ঘ.
bdnews24