২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ি: নতুন বেঞ্চে শুনানি ৬ জুন

সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট আবেদনের ওপর শুনানি হবে আগামী ৬ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 09:36 AM

Updated : 25 Aug 2022, 11:11 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট আবেদনের ওপর শুনানি হবে আগামী ৬ জুন। মঙ্গলবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও শেখ হাসান আরিফের বেঞ্চ শুনানির এ তারিখ নির্ধারণ করে। বিএনপি চেয়ারপারসনের আবেদনে গত ২৩ মে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ থেকে রিট আবেদনটি প্রত্যাহার করে এ বেঞ্চে শুনানির জন্যে পাঠানো হয়। নতুন বেঞ্চে মঙ্গলবার খালেদার পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ শুনানির জন্য দুই মাস সময় দেওয়ার আবেদন করেন। মওদুদ বলেন, এ মামলার দুজন গুরুত্বপূর্ণ আইনজীবীর ব্যক্তিগত অসুবিধার কারণে এ সময় প্রয়োজন। সরকার পক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদনের বিরোধিতা করেন। আগের বেঞ্চটি গত ১৭ মে রিট আবেদনের শুনানি ২৪ মে পর্যন্ত মুলতবি করে। গত ১১ মে আইনজীবী টিএইচ খানের নেতৃত্বে বিএনপি সমর্থক একদল আইনজীবী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল মতিনের কাছে বেঞ্চ বদলের আবেদন করেন। এর আগে সেদিন প্রধান বিচারপতি মো. ফজলুল করিম দেশে ফিরে আসলে তার কাছে আবেদনটি উপস্থাপনের নির্দেশ দেন মতিন। এর আগে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের কাছেই বেঞ্চ বদলের আবেদন করেছিলেন খালেদা। তবে তা নাকচ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/এমআই/১৫৩০ ঘ.