কুড়িগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামে জঙ্গি সন্দেহে আটক ১৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ বলেছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় রোববার সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়।
ওইদিন দুপুর ১২টায় কুড়িগ্রাম পৌরসভার রৌমারী পাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ওসি তাহারুল ইসলাম বলেন, মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কোনো প্রকার জঙ্গি তৎপরতায় না জড়ানোর এবং এ মাসেই কুড়িগ্রাম ত্যাগ করার অঙ্গীকার করেছেন তারা।
পুলিশ জানায়, গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে পাঁচজন মহিলা ছিলেন। তাদের সঙ্গে চারটি শিশুও ছিল।
এরা হলো- রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামের তাজুল ইসলাম (৩৫), তার স্ত্রী আঞ্জুমান আরা বেগম (২৬), রংপুরের গঙ্গাছড়া এলাকার মোসাদ্দেকুল ইসলাম (১৯), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল গ্রামের হেলাল উদ্দিন (৩৪), তার স্ত্রী রহিমা খাতুন (২৫) ও তার সাত মাসের ছেলে হোজাইফা, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের জিয়াউর রহমান (৩০), তার স্ত্রী আছিয়া খাতুন (২২) ও তার দুই ছেলে উমায়েদ (৭), ওবায়েদ (৪), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফায়ার সার্ভিস দক্ষিণ পাড়ার সৈয়দ আলী (২৫), একই উপজেলার কচাকাটা এলাকার ইব্রাহীম আলীর স্ত্রী জমিলা (২২), তার মেয়ে মাসুমা (৩), গাইবান্ধার জুম্মাগাড়ী এলাকার হাবিবুর রহমান রানা (২৮) ও চকমাথারাম গ্রামের নূরুল ইসলাম (৩৩), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ধণীরাম গ্রামের ইদ্রিস ফারুকুল ইসলাম (২৫), ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পানিভাঙ্গা গ্রামের মকবুল হোসেন (২৮) এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের মমতাজ বেগম (২২)।
আটককৃতরা সাংবাদিকদের কাছে দাবি করেন, তারা 'কালেমায়ে জামায়াত' নামে একটি সংগঠনের সদস্য। তাদের সদর দপ্তর ভোলায়। এই সংগঠনের প্রধান আব্দুল মজিদ। তার নির্দেশে কুড়িগ্রামে তারা ইসলামের দাওয়াত দিতে আসেন।
কুড়িগ্রামের স্থানীয় নেতা জিয়াউর রহমান দাবি করেন, তারা সবাই একই বাড়িতে থেকে বিভিন্ন দোকানে খাতা, কলম, পেন্সিল ও হার্ডওয়্যারের মাল সরবরাহের ব্যবসার পাশাপাশি সংগঠনের কাজ করতেন।
'কালেমায়ে জামায়াতের' প্রধান আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, "এটি কোনো জঙ্গি বা রাজনৈতিক সংগঠন নয়। সাংগঠনিক কোন কাঠামো নেই। কোরআন ও হাদীসের আলোকে আমার চার শতাধিক মুরিদ সারাদেশে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫২ ঘ.
bdnews24