ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭ জুন বিএনপি'র ডাকা হরতাল সফল করার আহবান জানিয়েছেন খালেদা জিয়া।
শনিবার তিনি বলেন, ''এ সরকারের প্রতি জনগণের আর কোনো আস্থা নেই। তাই এ সরকারকে বিদায় করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের কর্মসূচিকে সফল করতে হবে।''
সরকারকে 'সতর্ক' করতে ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দিয়েছে বিএনপি।
শনিবার রাতে গুলশানের কার্যালয়ে ৫ মে নিহত বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহের নিহত স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেনের পরিবারের সদস্যরা খালেদার সঙ্গে দেখা এলে তিনি এ কথা বলেন।
জাকিরের মা আরজান বিবিকে এক লাখ ২৫ হাজার টাকা ও তার স্ত্রী রাজিয়া সুলতানাকে আড়াই লাখ টাকার দুটি চেক তুলে দেন রিরোধী দলীয় নেতা।
বিএনপির অভিযোগ, জাকির ৫ মে খালেদার রাজশাহীর সমাবেশে যোগ দেওয়ার পথে আওয়ামী লীগ কর্মীদের হাতে নিহত হন।
সরকার সমর্থকরা চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সর্বশেষ গত ১৯ মে ঢাকার পল্টন ময়দানের সমাবেশে আসার পথে মানুষজনকে বাধা দিয়েছে দাবি করে খালেদা বলেন, এতো বাধার পরও কোথাও সরকার সমাবেশকে বানচাল করতে পারেনি। খারাপ আবহাওয়াতেও মানুষের উপস্থিতি প্রমাণ করেছে- সরকারের ওপর জনগণের আস্থা নেই।
ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকালে সম্পাদিত চুক্তি দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়ে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবানও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ও কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২১৫৯ ঘ.
bdnews24