২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতা আড়াল করতে যুদ্ধাপরাধ বিচারের স্লোগান: গয়েশ্বর

ব্যর্থতা আড়াল করতে সরকার যুদ্ধাপরাধ বিচারের কথা বলছে বলে দাবি করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 08:23 AM

Updated : 25 Aug 2022, 10:49 AM

ঢাকা, মে ২১ ((বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যর্থতা আড়াল করতে সরকার যুদ্ধাপরাধ বিচারের কথা বলছে বলে দাবি করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের এক বক্তব্যের জবাবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বর্তমান সরকার ওই অপরাধের বিচার করবে না। বিএনপির ডাকা দেশব্যাপী ২৭ জুনের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি প্রতিরোধে মন্ত্রীদের হুঁশিয়ারির সমালোচনাও করেন গয়েশ্বর। তিনি বলেন, "যুদ্ধাপরাধের বিচারে বিএনপির কোনো আপত্তি নেই। তাই বাধাগ্রস্ত করার প্রশ্নই অবান্তর। সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করে জনগণের দৃষ্টি সরিয়ে রাখতে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচারকে একটি স্লোগানে পরিণত করেছে। আসলে তারা ওই অপরাধের বিচার করবে না।" সরকার যুদ্ধাপরাধের বিচারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মন্তব্য করে তিনি বলেন, "তাদের উদ্দেশ্য এর বিচার করা নয়। তারা এই বিচারের কথা বলে জনগণের মৌলিক সমস্যার সমাধান করছে না।" বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের এক সমাবেশে সৈয়দ আশরাফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যেনো না হয়, সেজন্য বেগম খালেদা জিয়া হরতাল দিয়েছেন। একই সমাবেশের দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী অভিযোগ করেন, পাকিস্তানের ইন্ধনে যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিতে হরতাল ডেকেছেন খালেদা জিয়া। হরতাল প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হুঁশিয়ারির জবাবে গয়েশ্বর বলেন, "জনগণের দাবি বাস্তবায়নে আমরা হরতালের কর্মসূচি দিয়েছি। এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনৈতিক কর্মসূচি। "এই কর্মসূচি গ্রহণ করবে কি করবে না- তা জনগণ নির্ধারণ করবে। এখানে কঠোর হস্তে দমন-পীড়ন ও হুঁশিয়ারি দেওয়াটা অনেকটাই সরকারে দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নয়। সরকারের প্রতিরোধের হুঁশিয়ারি স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ।" নয়া পল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর ছাত্রলীগ ও যুবলীগের টেন্ডারবাজি, সন্ত্রাস ও দখলবাজির বিচারও দাবি করেন। তিনি বলেন, "সরকার নির্বাচনের আগে বলেছে, তারা ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীর বিচার করবে। এখন আইনমন্ত্রী বলছেন, '৭১ সালের যুদ্ধাপরাধ নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার করবে সরকার। তাই আমার দাবি কেবল '৭১ সালের নয়, এর পর থেকে যেসব মানবতাবিরোধী অপরাধ চলছে, তারও বিচার একই ট্রাইব্যুনালে করতে হবে।" গয়েশ্বর এ সময় বঙ্গবন্ধুর শাসনসামলে সিরাজ শিকদারসহ ৩০ হাজার জাসদ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধা হত্যার বিচার দাবি করেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে তিন ঘণ্টা আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করেন দলের চেয়ারপারসন। হরতালসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। চূড়ান্ত করার দায়িত্বটি চেয়ারপারসনের হাতে ন্যস্ত ছিলো। তাই হরতাল কর্মসূচি আলোচনা হয়নি, এটা সঠিক তথ্য নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৪২৭ ঘ.