ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়নপত্র কেনার আগেই আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশনের চিঠি পেয়েছেন চট্টগ্রামে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলম মঞ্জু।
চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন বুধবার সকালে তাকে চিঠি দিয়ে সতর্ক করে। এরপর বিকালে তিনি মনোনয়নপত্র কেনেন।
আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।
চট্টগ্রামে মঞ্জুর মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এবিএম মহিউদ্দিন চৌধুরী সকালেই জানিয়েছেন, তিনি মেয়রের দায়িত্ব থেকে পদত্যাগ করে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন।
মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ, চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে প্রার্থী পরিচিতি অনুষ্ঠান শেষে মঙ্গলবার তার সমর্থকরা নগরীর জামালখান সড়কে মিছিল করে।
এটা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা (২) এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, নির্বাচনের ২১ দিন আগে কেউ প্রচার চালাতে পারবে না।
তিনি সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঞ্জুর আলম মনোনয়নপত্র সংগ্রহ না করলেও তার সমর্থনে মঙ্গলবার নগরীতে মিছিল হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি। এজন্যই তাকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।
তবে মিছিল করার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মঞ্জু।
মনোনয়নপত্র কেনার পর তিনি সাংবাদিকদের বলেন, "ওই অনুষ্ঠান শেষে আমি বেরিয়ে আসছিলাম। আমার পেছনে অনেকে আসছিলো। কিন্তু কোনো মিছিল হয়নি।"
ওয়ার্ড কাউন্সিলর মঞ্জু চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি এক সময় আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। তবে গত সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম নগরীর একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24