২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৪৩৭ মামলা তুলে নেওয়ার সুপারিশ

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরো ৪৩৭টি মামলা তুলে নেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত সরকারি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 09:14 AM

Updated : 25 Aug 2022, 10:40 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরো ৪৩৭টি মামলা তুলে নেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত সরকারি কমিটি। এ নিয়ে ওই কমিটি ৫ হাজার ১২৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করলো। এর মধ্যে দণ্ডবিধির ৪ হাজার ৮৬০টি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২৬৪টি। বুধবার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির অষ্টাদশ সভায় মোট ৭০১টি মামলা পর্যালোচনার জন্য ওঠে। এর মধ্যে দুদকের ছিলো ১১টি। বাকিগুলো দণ্ডবিধি ও অন্যান্য আইনের। সভা শেষে কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সভায় দুদকের ছয়টিসহ ৪৩৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। ৯২টি সুপারিশ না করে ফেরত পাঠানো হয়েছে এবং ১৬৭টি আবেদন আরো পরীক্ষা করে পুনরায় উপস্থাপন করতে বলা হয়েছে। তিনি জানান, কমিটিতে এ পর্যন্ত ৮ হাজার ৪৩০টি মামলা প্রত্যাহারের সুপারিশ এসেছে। এর মধ্যে ৫ হাজার ১২৯টি প্রত্যাহার হয়েছে। কামরুল জানান, এসব সুপারিশের বাইরে আরো প্রায় তিন হাজার মামলা প্রত্যাহারের সুপারিশের অপেক্ষায় আছে। সেগুলো নিষ্পত্তি হলে কমিটির কার্যক্রম শেষ হবে। বিরোধী দল অভিযোগ করে আসছে, এ প্রক্রিয়ায় সরকারি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার হলেও তাদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না। কমিটি এ পর্যন্ত বিএনপি নেতা মওদুদ আহমেদ এবং তারেক রহমানের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/১৫১০ ঘ.