চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শাহাদাত হোসেন দাবি করেছেন, খালেদা জিয়াকে বিভ্রান্ত করে সেখানে মঞ্জুর আলম মঞ্জুকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুষছেন তিনি।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের এ অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে এখন কোনো মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করতে চাই না।"
ডা. শাহাদাত মঙ্গলবার নগরীর প্রবর্তক মোড়ে তার চেম্বারে এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় নেতা-কর্মীদের ক্ষোভ থাকলেও কেন্দ্রের সিদ্ধান্ত মেনে তারা মঞ্জুকে সমর্থন দেবেন।
আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে। ২০ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রধান বিরোধী দল বিএনপি সোমবার রাতে চট্টগ্রামে মেয়র পদে মঞ্জুকে সমর্থনের সিদ্ধান্ত জানায়।
ওয়ার্ড কাউন্সিলর মঞ্জু চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি এক সময় আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। তবে গত সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম নগরীর একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হন।
শাহাদাত বলেন, "মঞ্জু দলের কেউ না, প্রাথমিক সদস্যপদও তার নেই। তার নাম কখনো দলীয় ফোরামে আলোচনায় ওঠেনি। ঢাকায় চট্টগ্রামের নেতাদের বৈঠকে তিনজনের (আমীর খসরু, গোলাম দস্তগীর চৌধুরী ও শাহাদাত) নাম প্রস্তাবের সিদ্ধান্ত হয়। দলের একজন ত্যাগী নেতাকে মনোনয়ন দিলে আমরা এবার ভালোভাবে জিততে পারতাম।"
"তবে দল যেহেতু মঞ্জুকে সমর্থন দিয়েছে, তাই আমরাও সমর্থন দেবো", বলেন তিনি। তবে তিনি একইসঙ্গে জানান, স্থানীয় নেতা-কর্মীরা মঞ্জুকে সমর্থন দেওয়ার এ সিদ্ধান্ত হতাশ।
সাধারণ সম্পাদক বলেন, নগরীর ৪১টি ওয়ার্ড এবং ১১টি থানার তৃণমূল নেতারা এ সিদ্ধান্তের ব্যাখ্যা চাইছেন। কিন্তু এ বিষয়ে সভাপতির (খসরু) কাছ থেকে কোনো সদুত্তর মিলছে না।
মঞ্জুকে সমর্থন দেওয়ার পেছনে আমীর খসরুর ভূমিকা রয়েছে দাবি করে শাহাদাত বলেন, "তিনি নেত্রীকে মিসগাইড করেছেন। তিনি স্বেচ্ছাচারী মনোভাব না দেখিয়ে এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা করতে পারতেন।"
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরীও ছিলেন।
সংবাদ সম্মেলনের পর দুপুর পৌনে ১টার দিকে শাহাদাতের নামে মেয়র পদে প্রার্থিতার জন্য একটি মনোনয়নপত্র কেনা হয়। এটি কেনেন বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) নেতা টিপু সুলতান।
সোমবার রাতে ঢাকায় বিএনপি চেয়ারপারসন খালেদার সঙ্গে বৈঠকের পর মঞ্জু সাংবাদিকদের জানান, তিনি বিএনপির সমর্থন পেয়েছেন।
ওই সময় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রামের নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, আমীর খসরু, চটগ্রাম উত্তর জেলার সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণের সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩০০ ঘ.
bdnews24