২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচার ঠেকাতেই বিএনপির আন্দোলন'

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্ত করতে এবং দুর্নীতিবাজদের রক্ষার জন্য বিএনপি আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 10:36 AM

পাবনা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্ত করতে এবং দুর্নীতিবাজদের রক্ষার জন্য বিএনপি আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। তিনি আরো বলেছেন, কঠোর হাতে এ আন্দোলন দমন করা হবে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার পাবনায় এক জনসভায় শামসুল হক এ কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "বিএনপি জনগনের মঙ্গলের জন্য আন্দোলন করছে না। তারা দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।" এর আগে দুপুর ১২টার দিকে পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ওলামা লীগ ও আওয়ামী লীগ নেতারা ঘোড়ার গাড়ি ও বাদ্য বাজনা নিয়ে অংশ নেন। জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- সংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এম সাইদুল হক চুন্নু, সহসভাপতি রেজাউল রহিম লাল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৫৮ ঘ.