ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসেছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রোববার রাত ৯টায় বৈঠক শুরু হয়।
এতে সভাপতিত্ব করছেন খালেদা জিয়া।
বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা হবে কি না এবং প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হবে। এছাড়া আন্দোলনের কর্মসূচিসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হবে।
বৈঠক শুরুর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সালাউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ বৈঠকে উপস্থিত আছেন।
বৃহস্পতিবার রাতে ঢাকায় এক বৈঠকে চট্টগ্রাম বিএনপির নেতারা চট্টগ্রাম সিটি করপোরশন নির্বাচনে (সিসিসি) অংশ নেওয়ার ব্যাপারে একমত হন। ইতোমধ্যে তারা তাদের সিদ্ধান্ত চেয়ারপারসনকে জানিয়ে দিয়েছেন।
আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২০ মে পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫২ ঘ.
bdnews24