পটুয়াখালী, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার বিরুদ্ধে পটুয়াখালীর আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার আরেকটি অভিযোগ করা হয়েছে।
একই অভিযোগে সিইসির বিরুদ্ধে গত ৯ মে চাঁদপুরের আদালতে একটি মামলা হয়েছে। কিশোরগঞ্জের আদালতেও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আদালত ১৮ মে আদেশের দিন ধার্য করেছে।
এর আগে ঢাকার আদালতেও একটি মামলার আরজি নিয়ে গিয়েছিলেন এক ব্যক্তি, তবে তা খারিজ হয়।
বৃহস্পতিবার পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগটি দায়ের করেন জেলার বহালগাছিয়া এলাকার মাওলানা মো. আবদুল ওয়াহাব জেহাদী।
বাদির বক্তব্য শুনে বিচারক মো. শিহাবুল ইসলাম পরে আদেশ দেবেনে বলে জানান।
গত ১৬ এপ্রিল সিইসি বিবিসিকে বলেন, "সেনাবাহিনী ফেরেশতা নয় যে তারা এলেই সব ঠিক হয়ে যাবে। সেনাবাহিনী কেন খোদ আল্লাহতালা এলেও কিছুু করতে পারবে না।"
ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনে বিএনপির দাবির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
বাদি অভিযোগ করেন, সিইসির এ মন্তব্য মুসলমানদের ধর্ম বিশ্বাসে আঘাত হেনেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৫৩ ঘ.
bdnews24