২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ি: শুনানি মুলতবি

সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা নিয়ে খালেদা জিয়ার রিট আবেদনের শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 07:02 AM

Updated : 24 Aug 2022, 09:25 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা নিয়ে খালেদা জিয়ার রিট আবেদনের শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বিএনপি চেয়ারপারসনের আবেদনে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ বুধবার শুনানি মুলতবির আদেশ দেয়। ওই বেঞ্চে শুনানিতে আপত্তি জানিয়ে ইতিমধ্যে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন খালেদা। ওই তথ্য তুলে ধরে হাইকোর্টে শুনানিতে খালেদার কৌঁসুলি মওদুদ আহমেদ বলেন, "রিট আবেদনটি এ বেঞ্চ থেকে প্রত্যাহারের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। ওই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখা প্রয়োজন।" তবে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর বিরোধিতা করে বলেন, রিট আবেদনের শুনানি না করার জন্য এ আবেদন করা হয়েছে। টিএইচ খানের নেতৃত্বে বিএনপি সমর্থক একদল আইনজীবী মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল মতিনের কাছে শুনানির বেঞ্চ বদলের আবেদন করেন। প্রধান বিচারপতি মো. ফজলুল করিম দেশে ফিরে এলে তার কাছে আবেদনটি উপস্থাপনের নির্দেশ দেন মতিন। বেঞ্চ বদলের জন্য বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চেও আবেদন করেছিলেন খালেদা, তবে তা প্রত্যাখ্যঅত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/এমআই/১২৫০ ঘ.