২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টা নির্যাতনের প্রকাশ্য হুমকি মীর নাছিরের

জরুরি অবস্থা চলাকালে বন্দি অবস্থায় তারেক রহমানকে 'নির্যাতনকারী' কর্মকর্তাদের পাল্টা নির্যাতনের প্রকাশ্য হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 02:43 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা চলাকালে বন্দি অবস্থায় তারেক রহমানকে 'নির্যাতনকারী' কর্মকর্তাদের পাল্টা নির্যাতনের প্রকাশ্য হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক মহাসমাবেশে তিনি এ হুমকি দেন। এ সময় মঞ্চে প্রধান অতিথি খালেদা জিয়াসহ জ্যেষ্ঠ আইনজীবীরা ছিলেন। মীর নাছির বলেন, ''কারাবন্দি অবস্থায় আমাদের নেতা তারেক রহমানকে যারা নির্যাতন করেছে তাদের আমরা চিহ্নিত করে ফেলেছি। একদিন তাদের গায়ের চামড়া দিয়ে এদেশের মানুষ জুতা বানাবে।" এ সময় আইনজীবীদের সারি থেকে করতালির ধ্বনি শোনা যায়। জরুরি অবস্থা জারির পর দুর্নীতি মামলায় যৌথ বাহিনী মীর নাছিরকে গ্রেপ্তার করে। সাবেক এই প্রতিমন্ত্রী সংসদ নির্বাচনে আইনজীবী পেশা থেকে শতকরা ১০ ভাগ প্রার্থী মনোনয়নের দাবিও জানান। তবে দলের যুগ্ম-মহাসচিব মাহবুবউদ্দিন খোকন ওয়ান-ইলেভেনের দুর্দিনে আইনজীবীদের সাহসী ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে শতকরা ৪০ শতাংশ প্রার্থী আইনজীবীদের মধ্য থেকে মনোনয়নের জন্য বিএনপি চেয়ারপারসনের কাছে দাবি জানান। জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে যৌথ বাহিনী খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে গ্রেপ্তার করে। পরে ওই বছরের ১১ সেপ্টেম্বর উচ্চতর আদালতের জামিনে চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানো হয়। বর্তমানে তারেক সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসএম/এইচএ/২০৩৭ ঘ.