বান্দরবান, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পাহাড়ে শান্তি চুক্তি বিরোধী কাজ করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
শনিবার বান্দরবানে একটি সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি সন্তু লারমা বলেন, আওয়ামী লীগের বিগত সরকারের আমলে করা পার্বত্য শান্তি চুক্তির যেসব ধারা এখনো বাস্তবায়িত হয়নি, তা বাস্তবায়ন তো দূরের কথা বরং বর্তমান সরকার চুক্তি যাতে বাস্তবায়িত না হয় সে ধরনের কাজ করছে।
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (ভূমি কমিশন) গঠন শান্তি চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
সন্তু লারমা বলেন, আঞ্চলিক পরিষদ ও জেএসএস-এর সঙ্গে আলোচনা না করেই ভূমি কমিশন গঠন করা হয়েছে। তাই এই কমিশন পার্বত্য শান্তি চুক্তির সঙ্গে সাংঘর্ষিক।
এ কারণে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে বলে তিনি দাবি করেন।
দুপুরে উপজেলার বলিপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে 'স্থানীয় জনসাধারণ'র ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ক্যসাউ মারমা।
বক্তব্য রাখেন জেএসএস'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং, থানচি উপজেলা জেএসএস সভাপতি চসাথোয়াই মারমা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৪ ঘ.
bdnews24