ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতাকে মারধরের অভিযোগে পুলিশের এক সহকারি উপপরিদর্শককে (এএসআই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে দুঘণ্টা আটকে রেখেছে জবি ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জবি ছাত্রলীগের সহসভাপতি মাসুদ রানাকে মারধরের অভিযোগে মঙ্গলবার ক্যাম্পাসে আটক থাকা এএসআই সাইফুল ইসলাম সূত্রাপুর থানায় কর্মরত।
কোতোয়ালি থানার এএসআই আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চাইলে মাসুদ রানার সঙ্গে সাইফুলের বাকবিতণ্ডা হয়। এ খবর মাসুদ মোবাইলে জবির ছাত্রলীগের নেতা-কর্মীদের জানান।"
পরে জবি ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে দুপুর ২টার দিকে ২০-২৫ জন নেতা-কর্মী এএসআই সাইফুলকে ধরে নিয়ে ক্যাম্পাসে প্রক্টরের রুমে আটকে রাখে বলে জানান আতাউর।
মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভিক্টোরিয়া পার্কের সামনে দিয়ে আসার সময় পুলিশ তার মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।
এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এএসআই সাইফুল তাকে মারধর করে বলে অভিযোগ করেন মাসুদ।
পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান এবং জবি ছাত্রলীগ সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদের মধ্যে এক বৈঠকের পর এএসআই সাইফুলকে ছেড়ে দেওয়া হয়। বৈঠক শেষ হয় বিকাল ৪টায় ।
কোতোয়ালি থানার ওসি সালাউদ্দীন খান জানান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর তারা আটক পুলিশ সদস্যকে ছেড়ে দেয়।
এর আগে ছাত্ররা পুলিশের বিচারের দাবিতে ক্যাম্পাসে মিছিল করে।
ক্যাম্পাসে নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমইউএস/পিডি/১৯৫০ ঘ.
bdnews24