২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত এ সরকারকে টিকিয়ে রাখতে চাইছে: দেলোয়ার

থিম্পুতে মনমোহন সিং-শেখ হাসিনার বৈঠকের প্রসঙ্গ ধরে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে চাইছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 09:29 AM

Updated : 24 Aug 2022, 09:01 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থিম্পুতে মনমোহন সিং-শেখ হাসিনার বৈঠকের প্রসঙ্গ ধরে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে চাইছে ভারত। তবে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত চুক্তি দুটিকে স্বাগত জানিয়েছেন তিনি। থিম্পুতে গত বুধ ও বৃহস্পতিবার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ সম্মেলন হয়। এতে পরিসেবা খাত এবং পরিবেশ বিষয়ক দুটি চুক্তি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠক করেন। ফেরার পথে বৈঠক করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সঙ্গে। তবে সার্ক সম্মেলন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুধু ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি ধরেই শুক্রবার পুরান ঢাকার আরমানিটোলায় নিজের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন বিএনপি মহাসচিব। দেলোয়ার বলেন, "জরুরি অবস্থা জারির মাধ্যমে বাংলাদেশে একটি সেনা সমর্থিত অবৈধ তত্ত্বাবধায়ক সরকার গঠনের পেছনে যে কয়টি দেশ সমর্থন দিয়েছিলো, তার মধ্যে ভারতও ছিলো। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে নীল নকশার নির্বাচনের মাধ্যমে একটি পুতুল সরকার প্রতিষ্ঠা পেয়েছে। তাদের টিকিয়ে রাখতে এখন চেষ্টা চালানো হচ্ছে।" জরুরি অবস্থা জারির পেছনে কূটনীতিকরাও জড়িত ছিলেন- দেলোয়ারের আগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীও একই অভিযোগ তুলেছিলেন। তবে ওই সময় দায়িত্বপালনরত জাতিসংঘ সংস্থাসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন কূটনীতিক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেন। হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রায় সমর্থনের কথা জানান মনমোহন। এ বক্তব্য ধরে দেলোয়ার বলেন, "এতে আমরা আতঙ্কিত। কারণ যারা (আওয়ামী লীগ সরকার) দেশে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। ফ্যাসিজম চালু করেছে, তাদের সমর্থন দেওয়ার এ অঙ্গীকারে আমরা আতঙ্কিত।'' ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিনার বৈঠকে দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের কোনো ইঙ্গিত মেলেনি বলে দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, "এতে আমাদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের বিষয়ে কোনো বক্তব্য নেই। তিস্তা নদীর পানি বণ্টন, টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ এবং গঙ্গার পানি ন্যায্য হিস্যার বিষয়ে কোনো আলোচনা হয়নি। বরং শেখ হাসিনা ভারত সফরকালে যেসব চুক্তি সই করেছেন- তা দ্রুত বাস্তবায়নে কথা উচ্চারিত হয়েছে। যে চুক্তি সংসদেই উত্থাপন হয়নি, জনগণের কাছেও অজানা- তা বাস্তবায়নের দুই প্রধানমন্ত্রী একমত হওয়ায় আমরা উদ্বিগ্ন।" গত জানুয়ারিতে শেখ হাসিনার ভারত সফরের সময় অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি এবং ২০১০-১২ সালে বিদ্যুৎ খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। সমঝোতা স্মারক হয় বিদ্যুৎ খাতে যৌথ বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি নিয়ে। এ সব চুক্তি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এগুলো সংসদেও তোলা হবে বলে জাতীয় সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ স