২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা জারি

একই সময়ে দুইদল একই স্থানে সভা ডাকায় মঙ্গলবার নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 01:55 PM

Updated : 24 Aug 2022, 08:54 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে দুইদল একই স্থানে সভা ডাকায় মঙ্গলবার নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নওগাঁ প্রতিনধি জানান, বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনানী গ্রামের মাঠে এবং মিঠাপুর ইউনিয়নের চৌরাস্তার মোড়ে বিকাল ৫টায় দু'টি পৃথক সভা ডাকে স্থানীয় জামায়াতে ইসলামী। এরপর আওয়ামী লীগ ও ছাত্রলীগ ওই দু'টি স্থানে সভা ডেকে মাইকিং করে। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ওই দু'টি স্থানে বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই এই দুটি মাঠে পুলিশ মোতায়েন থাকায় কোনো পক্ষই সভা করতে পারেনি। এদিকে জামায়াতে ইসলামী নির্ধারিত সভা করতে না পেরে মিঠাপুর ইউনিয়নের সাগরপুর হাই স্কুল মাঠে বিকাল ৫টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। স্থানীয় জামায়াত নেতা আহসান হাবীবের সভাপতিত্বে সমাবেশে জেলা জামায়াতের সহ-সেক্রেটারি লুৎফর রহমান, বদলগাছী থানা আমির জাহাঙ্গীর আলম, সম ফজলুল হক, আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, ভোলারহাট উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪টায় সভা ডাকে জামবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী। এরপর একই স্থানে সভা ডাকে স্থানীয় শ্রমিক লীগ। এতে গোলযোগের আশঙ্কায় উপজেলা প্রশাসন বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। ভোলারহাট থানার ওসি আফজালুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪৪ ধারা জারি করায় কেউ ওই স্থানে সভা করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৪০ ঘ.