২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের পর 'ছোটখাটো' ঘটনা ঘটেছে: তোফায়েল

ভোলা-৩ আসনে উপনির্বাচন পরবর্তী বিচ্ছিন্ন সহিংসতাকে 'ছোটখাটো' ঘটনা হিসাবে আখ্যায়িত করে সেখানে পরিস্থিতি শান্ত আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 01:51 PM

Updated : 24 Aug 2022, 08:54 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে উপনির্বাচন পরবর্তী বিচ্ছিন্ন সহিংসতাকে 'ছোটখাটো' ঘটনা হিসাবে আখ্যায়িত করে সেখানে পরিস্থিতি শান্ত আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পরাজিত বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ সোমবার অভিযোগ করেছেন, তার নেতাকর্মীদের ওপর হামলা শুরু হয়ে গেছে। নির্বাচন শেষ হলেও আতঙ্ক কাটেনি বিএনপি সমর্থক ও নেতাকর্মীদের। প্রতিপক্ষের হামলার আশঙ্কায় অনেকেই নিজের বাড়িতে অবস্থান করতে সাহস পাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে বুধবার পর্যন্ত র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক তোফায়েল বলেন, "নির্বাচনের পর ছোটখাটো দু'একটা ঘটনা ঘটেছে। আমাদের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন এখনো সেখানে আছেন। তিনি সবার ঘরে ঘরে যাচ্ছেন। ভোলার পরিবেশ এখন শান্ত আছে। টুকটাক ঘটনা ঘটলেও তা ঠিক হয়ে যাবে। এসবের বেশীরভাগই অন্তর্কলহ। এগুলোকে রাজনৈতিক কালার দেওয়া হচ্ছে।" নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়িত্ব পালনে 'ব্যর্থতার' অভিযোগ তুলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করে বলেছেন, " নির্বাচন কমিশনাররা এই সাংবিধানিক পদে থাকার নৈতিক অধিকার আর রাখেন না"। তার এই বক্তব্যের জবাবে তোফায়েল বলেন, "তিনি (মওদুদ আহমদ) এমন সব আইন জানেন, যার জন্য ওয়ান-ইলেভেনের সৃষ্টি হয়েছিলো। নৈতিক চরিত্রের অধিকারী মওদুদ সাহেব ২২ তারিখের আগে নয়, ২৩ তারিখ ভোলা যান।" তিনি বলেন, "তিনি (মওদুদ) জানতেন তাকে যেতে দেওয়া হবে না। তারা ২২ তারিখের পর ভোলায় যাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু, তাদের অনুমতি দেওয়া হয়নি। তিনি র‌্যাবের এক লে.কর্নেল এবং পুলিশের অফিসারকে ধাক্কা দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন, তারাও তাকে ধাক্কা দেবে। তারা লাঞ্চিত হতে পছন্দ করেন। তিনি নাটক করতে ২৩ তারিখ ভোলা গিয়েছিলেন।" নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি'র বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করায় মওদুদকে 'আমার নেতা' আখ্যায়িত করে তোফায়েল সেসময় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বিএনপি'র এই স্থায়ী কমিটির সদস্যের বিভিন্ন বক্তব্য সাংবাদিকদের পড়ে শোনান। মওদুদের রাজনৈতিক অতীত তুলে ধরে ভোলার এই সাংসদ আরো বলেন, "আমরা রাতারাতি দল বদলাই না। তিনি কেমন নীতিবান লোক হলে এক নির্বাচনে দুই প্রতীক নিয়ে নির্বাচন করেন?" সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মওদুদ আহমদ জাতীয় পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের পর বিএনপি'তে যোগ দিয়ে ঐ দলের প্রার্থী হিসাবে উপনির্বাচনে অংশ নেন। "সময় আর বেশি দেরি নেই। ভোলায় ভোট ডাকাতির নির্বাচনের পর থেকে দেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করছে। আগামী নির্বাচনেই প্রধানমন্ত্রী এর জবাব পাবেন" মওদুদের এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল স্বস্তি প্রকাশ করে বলেন, "তার এই বক্তব্যকে আমি স্বাগত জানাই। তারা আর আন্দোলন করবেন না। আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।" সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। পরে, বিএনপি'র সাবেক সাংসদ মো: মজিবর রহমানসহ দিনাজপুরের বেশকিছু বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯৩৫ ঘ.