ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষ জনশক্তি গড়তে আরো ৩০টি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করছে সরকার।
এজন্য আগামী অর্থবছরের বাজেটে ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন শ্রম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত এক কর্মশালা উদ্বোধন করেন।
শ্রমমন্ত্রী বলেন, "সরকার শ্রমিকদের জন্য নিরাপদ ও শোভন কর্মস্থল গড়ে তুলতে কাজ করছে। আর শ্রমিকদের দক্ষ করে তুলতে হবে। দক্ষ জনবল বিদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে কর্মক্ষেত্রে শ্রমিক নির্যাতন বন্ধ হবে। যা নিরাপদ কর্মস্থল প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।"
শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল তৈরিতে সরকার তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে বলে মোশাররফ জানান।
এগুলো হচ্ছে- শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, সুশাসন ও অধিকার প্রতিষ্ঠা এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়ন জোরদার করা।
"এসব ক্ষেত্রের উন্নয়ন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিরাপদ ও শোভন কর্মস্থল প্রতিষ্ঠায় অবদান রাখবে", বলেন তিনি।
শ্রমিক কল্যাণে শ্রম আইনের সংশোধন ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যও তুলে ধরেন মন্ত্রী।
শ্রম সচিব নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় কমিশনের (ইসি) রাষ্টদূত স্টিফেন ফ্রোয়েইন এবং শিল্প মালিক ও শ্রমিক প্রতিনিধিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩২০ ঘ.
bdnews24