থিম্পু, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষোড়শ সার্ক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে থিম্পু পৌঁছেছেন।
বিকালেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী ড্রুকএয়ারের একটি বিশেষ উড়োজাহাজে করে ভুটান যান। থিম্পু বিমানবন্দরে নামার পর তাকে গার্ড অফ অনার দেয় ভুটানের সেনাবাহিনীর একটি দল। বিমানবন্দর থেকে তিনি সার্ক ভিলেজ-এ গেছেন।
থিম্পুতে অবস্থানকালে অন্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে হাসিনাও সেখানে থাকবেন।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার ষোড়শ সম্মেলন বুধবার শুরু হচ্ছে।
পররাষ্ট্র সচিব মো. মিজারুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। তবে সময়সূচি এখনো নির্ধারিত হয়নি বলে জানান পররাষ্ট্র সচিব।
প্রধানমন্ত্রী থিম্পুর পথে সকাল সাড়ে ৬টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। বিমানবন্দরে তাকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
থিম্পু সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তার উপদেষ্টা গওহর রিজভী, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করীম, প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি একদিন আগেই থিম্পু পৌঁছেছেন।
সার্ক সম্মেলন শেষে আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/টিএ/এমআই/১০৩০ ঘ.
bdnews24