২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আ. লীগ ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে'

ভোলা-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 09:32 AM

Updated : 24 Aug 2022, 08:38 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "আওয়ামী লীগ গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করার ষড়যন্ত্র করছে।" "আজ ভোটারা আতঙ্কের মধ্যে আছেন। তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কি না- এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাই কেবল প্রার্থীর নয়, ভোটারদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে", যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) উপনির্বাচন। নির্বাচন কমিশন সোমবার থেকে ওই আসনের দুই প্রার্থী আওয়ামী লীগের নূরুন্নবী চৌধুরী শাওন এবং বিএনপির অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের নিরাপত্তার জন্য একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষ নিরাপত্তা কার্যকর করেছে। এ বিষয়ে মোশারররফ বলেন, "এ উদ্যোগের সংবাদটি আমরা শুনেছি। তবে এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।" শাওনকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করে তিনি বলেন, "১৯৯৮ সালে মালিবাগে ডা. ইকবালের নেতৃত্বে বিএনপির মিছিলে গুলিবর্ষণের ঘটনায় হত্যা মামলার চিহ্নিত আসামি ছিলেন তিনি। তাকে আওয়ামী লীগ প্রার্থী করেছে। সেখানে ঢাকা থেকেও এক হাজার সন্ত্রাসী নিয়ে যাওয়া হয়েছে।" স্থানীয় প্রশাসন সরকারের আজ্ঞাবহ হয়ে পড়েছে অভিযোগ করে মোশাররফ উপনির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন। প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, আবদুল লতিফ জনি, যুবদলের সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সাবেক সাংসদ নুুরুর কবির শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৫২২ ঘ.