ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আচরণবিধি মেনে প্রচারণা চালাতে ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) উপনির্বাচনের দুই প্রার্থীকে সতর্ক করতে সোমবার এক চিঠিতে ভোলার রির্টানিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের উপপসচিব (আইন) এ কে এম সলিমুল্লাহ স্বাক্ষরিত কমিশনের নির্দেশনা (চিঠি) সোমবার সকাল সাড়ে ১০টায় ওই নির্বাচনী এলাকার রির্টানিং কর্মকর্তার কাছে ফ্যাক্সে পাঠানো হয়েছে।
লালমোহন উপজেলায় হামলা ও সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ইসি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন ও বিরোধীদল বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদকে সতর্ক করতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সোমবার ভোলার রিটার্নিং কর্মকর্তার কাছে এ চিঠি পাঠানো হবে। তিনি আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনী প্রচারণা সম্বনয়কের মাধ্যমে প্রার্থীদের কাছে চিঠিটি পৌঁছে দেবেন।
নির্বাচনী আইন অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জেল-জরিমানাসহ সর্বোচ্চ ব্যবস্থা প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে ইসির।
আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে উপনির্বাচন হবে।
চিঠির নির্দেশনায় বলা হয়েছে, ১৫ এপ্রিল লালমোহন উপজেলার স্থানীয় সাতানি বাজারে অনির্ধারিত নির্বাচনী সভায় বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের পক্ষে নির্বাচন সমন্বয়ক নাজিমউদ্দিন আলম ও নেতাকর্মীরা এবং আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে স্থানীয় সমর্থকরা গণ্ডগোল ও মারামারি করে, যা তদন্তে প্রমাণিত হয়েছে।
ওই ঘটনাকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লংঙ্ঘন উল্লেখ করে দুই দলের প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকদের সতর্ক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
১৫ এপ্রিল লালমোহন উপজেলায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন বিএনপির সাবেক সাংসদ নাজিম উদ্দীন আলম। বিকালে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও বিএনপি ঘটনার জন্য পরস্পরকে দায়ী করে।
ওইদিনই নির্বাচন কমিশন ঘটনা তদন্তে যুগ্ম জেলা জজের নেতৃত্বে বিচারিক তদন্ত কমিটি (জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি) গঠন করে। কমিটিকে শুক্রবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এজে/১৩৫৬ ঘ.
bdnews24