ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি নিয়ে বিএনপি আবার নির্বাচন কমিশনে গেলেও তাতে সাড়া মেলেনি।
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার বিকালে সাংবাদিকদের বলেছেন, ভোলা-৩ আসনে সেনা মোতায়েন করা হবে না।
তবে ভোলার পুলিশ সুপারকে বদলি করার জন্য ইসির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে বলে জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় এক ঘণ্টা নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর এমকে আনোয়ার সাংবাদিকদের বলেন, "ভোলায় পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। সেনা মোতায়েন ছাড়া সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। র্যাব-পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন সেখানে করা যাবে না।"
আনোয়ার দাবি করেন, সেনা মোতায়েনে সরকারের কোনো আপত্তি না থাকার পরও নির্বাচন কমিশন তা করছে না। তিনি বলেন, "ঢাকা সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করতে না পারায় ইসি নিয়ে জনগণের মনে শঙ্কা সৃষ্টি হয়েছে। ইসিও সরকারের কাছে অসহায়।"
তিনি দাবি করেন, ইসি সোনা মেতায়েনের বিষয়ে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছে এবং তা বিবেচনা করা হবে বলে জানিয়েছে।
সেনা মোতায়েন না হলে বিএনপি নির্বাচন বর্জন করবে কি না জানতে চাইলে এম কে আনোয়ার বলেন, "সিদ্ধান্ত না নিয়ে তা বলা যাবে না। আমরা মনে করি, ইসি ইতিবাচক সিদ্ধান্ত নেবে। তা না নিলে পরবর্তি করণীয় নির্ধারণ করা হবে।"
আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) ভোটগ্রহণ হবে। সেখানে বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন।
আনোয়ার বলেন, ভোলায় সেনা মোতায়েনে বিএনপির দাবির বিষয়ে ইসি আশ্বাস দিয়েছে। যদিও সাখাওয়াত তা নাকচ করেন।
সাখাওয়াত বলেন, "সেনা মেতায়েনের বিষয়ে বিএনপিকে আমরা কোনো আশ্বাস দিই নি এবং মোতায়েনের কোনো প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। অতীতে কোনো উপ নির্বাচনে তা হয় নি। আইন শৃঙ্খলাবাহিনীর যথেষ্ট সংখ্যক সদস্য নিয়োজিত আছে।"
এদিকে ভোলার দুই প্রার্থীর নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে প্রত্যেকের সঙ্গে সার্বক্ষণিক একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচজন আর্মড পুলিশ ও একজন ভিডিও ক্যামেরাম্যান রাখার সংশ্লিষ্ট প্রশাসনকে রোববার নির্দেশনা দিয়েছে ইসি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/পিডি/১৯৫১ ঘ.
bdnews24