২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রক্ত পরীক্ষার পরই ছাত্রলীগ নেতা

পাবনায় যারা ছাত্রলীগের নেতা হতে চাইছেন তাদের রক্ত পরীক্ষা করাতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 09:46 AM

Updated : 24 Aug 2022, 08:36 PM

পাবনা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় যারা ছাত্রলীগের নেতা হতে চাইছেন তাদের রক্ত পরীক্ষা করাতে হচ্ছে। মাদকাসক্ত কাউকে নেতৃত্বে না আনতেই এ প্রক্রিয়া বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনার সংসদ সদস্য শামসুল হক টুকু জানিয়েছেন। আগামী ২৫ এপ্রিল পাবনা জেলা ছাত্রলীগের সম্মেলন। সরকার সমর্থক এ ছাত্র সংগঠনের যারা পাবনার জেলা শাখার বিভিন্ন পদপ্রত্যাশী, রোববার সদর হাসপাতালে তদের রক্ত পরীক্ষা হয়। এ দিন ছাত্রলীগের ২৫ জন পরীক্ষার জন্য তাদের রক্ত দেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আগামী দিনে যারা নেতৃত্ব দেবেন তারা যেন সুস্থ দেহের অধিকারী হন, মাদকাসক্ত না হন- তা আমরা চাই। তাই এ ব্লাড টেস্টের আয়োজন।" "কোনো মাদকসেবী বা সন্ত্রাসীকে ছাত্রলীগের নেতৃত্বে আনা হবে না", বলেন তিনি। যদিও গঠনতন্ত্র অনুযায়ী, ছাত্রলীগ স্বতন্ত্র সংগঠন এবং ছাত্রলীগের কোনো কার্যক্রমে আওয়ামী লীগের হস্তক্ষেপ নেই বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলে আসছেন। ছাত্রলীগ নেতৃত্ব প্রত্যাশীদের রক্ত পরীক্ষার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাবনা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি পাবনা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দেন। প্রতিমন্ত্রী বলেন, "যে কোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। সন্ত্রাসী বা যারা অপকর্ম করবে, তারা যেই হোক তাদের গ্রেপ্তারের মাধ্যমে আইনের কাছে সোপর্দ করতে হবে।" জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিজয় ভূষন পাল সভাপতিত্ব করেন। সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম মোশারোফ হোসেন মিয়াজী এতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.