২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জনসভাগামী বাস দুর্ঘটনায় নিহত ১১

খুলনায় খালেদা জিয়ার জনসভাগামী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 08:05 AM

Updated : 24 Aug 2022, 08:36 PM

খুলনা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় খালেদা জিয়ার জনসভাগামী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টায় খুলনা-রূপসা বাইপাস সড়কের শিরোমনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে চড়ে নড়াইল থেকে বিএনপি নেতা-কর্মীরা খুলনায় আসছিলেন বলে খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শফিকুল বলেন, "বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।" নিহতের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামের নাজির উদ্দিন (৩০), সবুজ (২৫), ফয়েজ (৩০), তুরান (২৮), মাহফুজ আহমেদ মফিজ (৩২), জিএম জসিম উদ্দিন (৪৫), মুরাদ (২৭), এনামুল (৩০), নাসির (২৮) ও বাসচালক কামরুল (৪২)। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে খালেদা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। বিকালে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য দেন খালেদা। বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা এতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/এমএসবি/১৮০৩ ঘ.