২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে হাফিজের বিজয় চায় না বিএনপি: তোফায়েল

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ অভিযোগ করেছেন, দলীয় প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমেদের বিজয় চায় না বলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ভোলার উপ-নির্বাচনকে 'সিরিয়াসলি' নেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 04:11 PM

Updated : 24 Aug 2022, 08:31 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ অভিযোগ করেছেন, দলীয় প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমেদের বিজয় চায় না বলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ভোলার উপ-নির্বাচনকে 'সিরিয়াসলি' নেননি। তিনি বলেন, "নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিএনপি নেতারা প্রেস ব্রিফিং করে বিভিন্ন অসত্য অভিযোগ তুলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্ঠা করছেন।" শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তোফায়েল এসব কথা বলেন। এ আসনে সাজানো নির্বাচনের পাঁয়তারা চলছে বলে শুক্রবার অভিযোগ করেছেনে খোন্দকার দেলোয়ার হোসেন। তবে বিএনপি 'টেস্ট কেস' হিসেবে এই নির্বাচনে অংশ নেবে বলেও তিনি জানান। আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন হবে। এর আগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও বলেন, "অবিলম্বে ভোলা-৩ আসনে সেনা মোতায়েন করে ভয়ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টি না করা হলে এবং সরকার এক তরফাভাবে নিজের স্বার্থে নির্বাচন করলে তাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।" উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক ও দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় মেজর হাফিজ বিএনপিকে ভেঙ্গে দুই ভাগ করেছেন। ওই দগ্ধ স্মৃতি মনে রেখেই নির্বাচনকে সিরিয়াসলি নেননি তারা। নিলে নাজিমউদ্দিন আলমকে সমন্বয়ক না বানিয়ে আরো বড় নেতাকে দায়িত্ব দিতে পারতেন।" নির্বাচন কমিশন, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ-র‌্যাব কারো ওপর বিএনপির ভরসা নেই উল্লেখ করে তিনি জানান, ভোলায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ নেবে সরকার তা বাস্তবায়ন করবে। নির্বাচনে সেনা মোতায়েনের দাবি প্রসঙ্গে ভোলার এই সংসদ সদস্য বলেন, "কখনো কোনো উপ-নির্বাচনে সেনা মোতায়েনের রেকর্ড নেই।" তিনি দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভোলার নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রন জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-হক হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১৫৬ ঘ.