ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে আবারো পিছিয়ে গেলো ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন উদ্যোগ।
মে মাসে নির্বাচন করা যাচ্ছে না বলে বৃহস্পতিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের জানান।
স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনার পর নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি বলেন, "সিটি করপোরেশন আইন অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ শেষ না করে নির্বাচনে গেলে আইনি জটিলতা বাড়বে। সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ না করে ডিসিসি'র নির্বাচনী তফসিল ঘোষণা করতে চাই না।"
এর আগে বছরের শুরুতে ডিসিসি নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এরপর সে পরিকল্পনা থেকে সরে এসে মার্চ করার কথা জানান। সেটাও পিছিয়ে এপ্রিলের শেষে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছিল।
সর্বশেষ গত ৬ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার বিভাগকে জানায় আগামী ৩১ মে ডিসিসি নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত অনুযায়ী ১৬ অথবা ১৮ এপ্রিল নির্বাচনের তফশিল ঘোষণার কথা ছিল।
বারবার উদ্যোগ নিয়েও নির্বাচন করতে না পারার বিষয়ে সিইসি বলেন, "ঢাকায় কুফা লেগে গেছে। আমরা তো কথা দিয়ে কথা রাখতে পারছি না। এখন কেউ গালমন্দও দিতে পারে। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।"
স্থানীয় সরকারের নির্বাচনগুলো সরকারের ইচ্ছেতেই হয়। এক্ষেত্রে সরকারসহ সবার সহযোগিতাও প্রয়োজন রয়েছে, বলেন শামসুল হুদা।
কবে নাগাদ নির্বাচন হবে জানতে চাইলে সিইসি বলেন, "বলতে পারছি না। জিআইএস (জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম) পদ্ধতিতে ওয়ার্ডের সীমানা নির্ধারণ শেষ করতে দুই-আড়াই মাস লাগতে পারে।"
তবে অক্টোবরের পরে ডিসিসি নির্বাচন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
সরকারের চাপে নির্বাচন পিছানো হলো কিনা জানতে চাইলে সিইসি দাবি করেন, নির্বাচন কমিশনের উপর সরকারের কোনো চাপ নেই। দূরত্বও তৈরি হয়নি। স্থানীয় সরকার বিভাগ শুধু আইনি জটিলতার বিষয়টি জানিয়েছে।
তবে মেয়াদোত্তীর্ণের আগে ২৫ জুনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন করা হবে। সে লক্ষ্যে চট্টগ্রাম নগরীর ওয়ার্ডগুলোর সীমান পুনর্নির্ধারণের কাজ দ্রুত চলছে বলে তিনি জানান।
নির্বাচন কমিশন এ বছরের মার্চ মাসে ডিসিসি নির্বাচন করার উদ্যোগ নেয় এবং সে অনুযায়ী ফেব্র"য়ারি তফশিল ঘোষণা করার কথা জানায়।
কিন্তু সিটি করপোরেশন আইন অনুযায়ী জনসংখ্যা অনুপাতে নগরীর ৯০টি ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ না করে নির্বাচন করার বিরুদ্ধে আদালতে রিট করেন ২৭ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা।
এর পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্র"য়ারি পর্যন্ত তফশিল ঘোষণার ওপর স্থগিতাদেশ দেয় আদালত।
এরপরও আরো চারটি রিট হয়।
এ কারণে নির্বাচন কমিশন জিআইএস (জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম) পদ্ধতিতে ওয়ার্ডগুলোর সীমানা পুননির্ধারণের জন্য স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ করে। পরবর্তীতে এর কার্যক্রমও শুরু হয়।
আদালত রিটগুলো খারিজ করে দেওয়ার পর নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণের পাশাপাশি নির্বাচনের উদ্যোগ নেয়।
কিন্তু এক পর্যায়ে স্থানীয় সরকার বিভাগ সীমানা পুনর্নির্ধারণের কাজ বন্ধ করে দেয়।
২০০৭ সালে মে মাসে ডিসিসি'র মেয়াদ শেষ হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হচ্ছে এ বছরের মে মাসে।
মেযাদ শেষ হওয়ার পর বাকি চার সিটি করপোরেশনের নির্বাচন হয় ২০০৮ সালে ৪ আগস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24