ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের ব্যাপারে বিরোধী দলীয় নেতার প্রতিশ্রুতিকে 'মায়াকান্না' বলে অভিহিত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী মঙ্গলবার নগরীর নাহিদ নাজনীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন।
নাহিদ আরো বলেন, বিএনপি অতীতেও ক্ষমতায় যাওয়ার আগে শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। বরং এমপিওভুক্তি বন্ধ রেখে শিক্ষকদের বঞ্চিত করে। ক্ষমতায় গিয়ে তারা শিক্ষকদের নিপীড়ন-নির্যাতন করেছে, দু'হাজার শিক্ষককে চাকুরিচ্যুত করেছে। এখন তারা আবার শিক্ষকদের জন্য 'মায়াকান্না' শুরু করেছে।
সোমবার শিক্ষক প্রতিনিধি সম্মেলনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া প্রতিশ্রুতি দেন যে, আগামীতে তারা সরকার গঠন করলে দেশের এমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণ করা হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম মোর্তজা সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ আসাদুজ্জামান খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মিজানুল করিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩১১ ঘ.
bdnews24