ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে উপ নির্বাচনে সেনা মোতায়েন করতে নির্বাচন কমিশনের প্রতি আবারো দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে দেখা করে বিএনপি'র একটি প্রতিনিধি দল এ দাবি জানায়।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন।
সিইসির সঙ্গে মঙ্গলবার বিকালে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, ভোলা-৩ আসনের তজুমদ্দিন ও লালমোহন উপজেলা এলাকা ঘুরে এসে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা ইসিকে জানিয়েছেন।
তিনি বলেন, "আমরা সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন চাই। এখনো আমরা সেনা মোতায়েনের দাবি জানাচ্ছি।"
ভোলা-৩ নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল সাংবাদিকদের বলেন, "সোমবারও একজন স্কুল শিক্ষকসহ ছয়জনকে মারধর করা হয়েছে। প্রথম দফা অভিযোগ দায়েরের পর ইসি কার্যকর ব্যবস্থা নেয়নি।
"স্থানীয় প্রশাসনও কোন ব্যবস্থা নেয়নি। একজন নির্বাচন কমিশনার তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ দিলেও কেউই গ্রেপ্তার হননি।"
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান জানান, "শেষ পর্যন্ত পরিস্থিতি এমনই থাকলে নির্বাচনে অংশ গ্রহণ করা আর না করার মধ্যে তফাৎ নেই। সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিলে আমরা আপনাদের জানাবো।"
তিনি জানান, তারা দ্রুততম সময়ে পরিস্থিতি পরিবর্তন করতে বলেছেন ইসিকে।
বৈঠকে ইসি কী আশ্বাস দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, "কমিশন ১৬ই এপ্রিল থেকে র্যাব মোতায়েন হবে বলে জানিয়েছে। প্রতিটি ইউনিয়নে দুজন করে ইসির পর্যবেক্ষক নিয়োগ করা হবে। সিইসিও ১৮ এপ্রিল নির্বাচনী এলাকায় যাবেন।"
তিন দফা দেখা করার পরও নির্বাচন কমিশন (ইসি) কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে বিএনপি।
গত ২২ মার্চ ও ৬ এপ্রিল দুই দফা বিএনপি'র প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৩৩ ঘ.
bdnews24