ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান সরকারকে 'বর্গী' হিসেবে অভিহিত করে তাদের বিরুদ্ধে দূর্বার আন্দালনের জন্য তৃণমূল নেতাদের প্রস্তুত হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
মঙ্গলবার বিকালে ঢাকা বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
দেলোয়ার বলেন, ''এই সরকারের চরম ব্যর্থতা দেশের মানুষ আজ হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছে। এই বর্গীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হবে, তার জন্য তৃণমূল নেতা-কর্মীদের সংগঠিত হতে হবে, প্রস্তুতি নিতে হবে।''
মহানগর নাট্যমঞ্চে সকালে বিএনপির উদ্যোগে ঢাকা বিভাগীয় 'তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা' শীর্ষক এই আলোচনা সভার মধ্য দিয়ে দুই মাসব্যাপী ইউনিয়ন প্রতিনিধি সভার সমাপ্তি হয়েছে।
সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সম্মেলন চলে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। আলোচনা সভায় ঢাকা বিভাগের ৬টি জেলা থেকে তৃণমূল নেতা-কর্মীরা অংশ নেন।
বিরোধী দলীয় নেতা ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়া দর্শক সারিতে বসে আলোচকদের বক্তব্য শোনেন।
গত ৬ ফেব্র"য়ারি সিলেট বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সভার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। মোট ১২টি জেলায় এই সভা হয়।
২০০৫ সালের ৪ জানুয়ারি তারেক রহমান তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের লক্ষে ইউনিয়ন প্রতিনিধি সভার মত কর্মসূচি শুরু করেন।
দেলোয়ার দেশের বর্তমান সংকটের কথা তুলে ধরে বলেন, ''ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের কর্মকান্ডে দেশবাসী আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের লোকজন আইন ভঙ্গ করলেও তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় না।''
উপজেলা চেয়ারম্যানদের কর্মশালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া 'গুন্ডাদের পুষবেন না'-এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ''এর মাধ্যমে প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের প্রতি অসন্মান করেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে উপজেলা চেয়ারম্যানরা গুন্ডা-পান্ডাদের সঙ্গে চলেন। এটা সঠিক নয়।''
ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গসংগঠন নয়- এ বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ''আওয়ামী লীগের প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন, ছাত্রলীগ তারা নিয়ন্ত্রণ করেন না। এই ছাত্র সংগঠন কারা নিয়ন্ত্রণ করে তা দেশের মানুষ আজ জানতে চায়। এভাবে কথা বলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় থেকে আওয়ামী লীগ মুক্ত হতে পারবে না।''
বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের হস্তক্ষেপকে দেশের জন্য 'অশনি সংকেত' বলে অভিহিত করেন তিনি।
সভায় সভাপতির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ দৃঢ় কণ্ঠে বলেন, ''যত বাধা নিষেধই আসুক, স্বাধীনতার ঘোষক জিয়া-এ উচ্চারণ থেকে দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। শেখ মুজিব স্বাধীনতার ঘোষক ছিলেন-এমন কোনো দালিলিক প্রমান নেই।''
তিনি দেশনেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ''তৃণমূল প্রতিনিধি সভাগুলো থেকে আন্দোলন এবং ১/১১ এর ঘটনায় তারেক রহমানের ওপর নির্যাতন কারীদের বিচার দাবি উঠেছে। এটার বাস্তবায়ন আমরা চাই।''
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশবাসীর 'কাঙ্খিত রাজনীতিবিদ' হিসেবে অভিহিত করেন তিনি।
তৃণমূল প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মাহবুব হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাফিজুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলাম, শিক্ষক কর্মচারি ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সাংবাদিক এরশাদ মজুমদার, আউয়াল ঠাকুর, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সধারণ সম্পাদক মো. বদরুদ্দোজা বক্তব্য রাখেন।
সভার শুরুতে দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সভার প্রধান সমন্বয়কারী আমানউল্লাহ আমান স্বাগত বক্তব্য দেন।
ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সহসভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, অধ্যাপক আবদুল মান্নান, রুহুল আলম চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঢাকা বিভাগের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৮৩৭ঘ.
bdnews24