পাবনা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় জয়নুল আবদিন ফারুকের সামনেই বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।
একটি মানহানির মামলায় আত্মসমর্পণ করতে বিরোধীদলীয় প্রধান হুইপ মঙ্গলবার সকালে পাবনা যান। তিনি আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময়ই দলের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ফারুকের আদালতের হাজির হওয়াকে কেন্দ্র করে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হয়। সাংবাদিকরাও ছিলেন সেখানে।
বেলা ১১টার দিকে বিএনপির প্রচার সম্পাদক ফারুক আদালত থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবর রহমান তোতা এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মিন্টুর অনুসারীরা পরস্পরবিরোধী স্লোগান দিতে থাকে।
এক পর্যায়ে দুই পক্ষের হাতাহাতি ও মারামারি শুরু হয়ে যায়। এতে আদালত এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। এপর পুলিশ গিয়ে দুই পক্ষকেই হটিয়ে দেয়।
সংঘর্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ মুছা ও জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ছিদ্দিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়, তবে অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দল থেকে বহিষ্কৃত পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর সমর্থকরা আওয়ামী লীগের সহায়তায় পরিকল্পিতভাবে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে।"
তবে এ বিষয়ে মিন্টুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ আহমেদের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি সংশ্লিষ্টতার অভিযোগ আনায় বিভিন্ন স্থানে ফারুকের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ডজনখানেক মামলা হয়।
পাবনায় মামলাটি হয় গত গত ১৮ মার্চ। এর বাদি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ।
মামলায় জামিন চেয়ে ফারুক উচ্চ আদালতে গেলে হাইকোর্ট তাকে নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
পাবনার আদালত ফারুককে এ মামলায় মঙ্গলবার জামিন দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪১৪ ঘ.
bdnews24